আবির দত্ত, কলকাতা : চোরবাগান কাণ্ডের তদন্তে নেমে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বড় অনিয়ম ছিল সিসিটিভি নিয়েও, বড় তথ্য এল পুলিশের হাতে। চোরবাগানকাণ্ডে কীভাবে ঘটেছিল বিপর্যয়? তা জানতেই সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। আর সেই ফুটেজ সংগ্রহে নেমেই চোখ কপালে উঠে পুলিশের। কোথায় ফুটেজ ? অর্ধেকের কাছাকাছি ক্যামেরা থেকে কোনও তথ্যই এখন পেল না পুলিশ !
পুলিশ সূত্রে খবর, চোরবাগার সর্বজনীনের প্যান্ডেল ও তার আশেপাশে ৩২টি সিসিটিভি ক্যামেরা রাখা ছিল। এমনটাই তথ্য ছিল প্রশাসনের কাছে। কিন্তু তদন্তে নেমে প্রায় ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পেলই না পুলিশ। পাশপাশি তদন্ত এগিয়ে নিয়ে যেতে সোমবার সাক্ষী হিসেবে ৩ জনকে ডাকা হয়েছে লালবাজারে।
এদিকে চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকেও তলব করেছে লালবাজার। বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কী নকশায় মণ্ডপ তৈরি করা হয়েছিল, তা নিয়ে শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবদের জন্য তলব করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে।
পুজো দেখতে গিয়ে কীভাবে প্রাণ গেল ১৯জনের ? চোরবাগানকাণ্ডের তদন্তে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে গঠিত হয়েছে SIT । এই কমিটিতে রয়েছেন STF, NDRF, DGP, সিভিল ডিফেন্স, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি। প্যান্ডেলে ত্রুটি থেকে কোনও গুজব রটিছিল কিনা, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা কাদের তরফে, তা খতিয়ে দেখে, চোরবাগানকাণ্ডে ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে SIT । এছাড়া খতিয়ে দেখা হবে, প্যান্ডেলে কতটা ভিড় ছিল , গেটে ব্য়বস্থাপনার অভাব, ভিড় নিয়ন্ত্রণে ব্য়র্থতা, মণ্ডপে ঢোকা ও বেরনোর সরু পথ, মাইকে হঠাৎ করে মণ্ডপ ভেঙে পড়ার অ্য়ানাউন্সমেন্ট, বিদ্য়ুৎ বিভ্রাট, কাঠামোগত ত্রুটি, প্রতিকূল আবহাওয়া, খতিয়ে দেখা হবে এই সবকিছুই।
SIT-এর তদন্তের আওতায় রয়েছে, পুজোর আয়োজক, পুলিশ, কলকাতা পুরসভা, দমকল, CESC রাজ্য় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কারও যদি কর্তব্য়পালনে ত্রুটি, অবহেলা, গাফিলতি, সমন্বয়ের অভাব পাওয়া যায়, সেক্ষেত্রে, আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে SIT । ৩ মাসের মধ্য়ে চোরবাগানকাণ্ডের রিপোর্ট দেবে SIT ।
