কলকাতা - যাদবপুর নিয়ে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ গেরুয়া সম্মান যাত্রা শেষে মুখ্যমন্ত্রী বলেছেন, 'সতর্ক করে দিয়ে গেলাম, গেরুয়া নিয়ে আধ্যাত্মিক জাগরণের এই পশ্চিমবঙ্গে অপশব্দ বলা বা লেখার ক্ষেত্রে এর পরে ৫ বার ভাববেন। গেরুয়ার অপমান আমরা সহ্য করব না। পরিষ্কার বার্তা দিয়ে গেলাম এখানে এসে। আর কাশ্মীর মাঙ্গে আজাদি, ফ্রি প্যালেস্তাইন, কিষেণজি রেড স্যালুট কী করে সাফ করতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানে। আমি কিছুদিনের মধ্যেই এখানে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে ২ বার আসব। এখানকার যারা দেশের ভিতরে থেকে, দেশকে এবং গেরুয়াকে অপমান করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একবার গীতাপাঠ করতে আসব। আরেকবার হনুমান চালিশা পড়তে আসব। আমি শপথ নিয়েছি এই যাদবপুরে, যেখানে সেন্টার অফ এক্সেলেন্স, ঋষি অরবিন্দর জায়গায়, সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, কিষেণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, তাদের শিকড়-সহ তুলব। আপনারা জানেন আমি '১১- তে পণ করেছিলাম কমিউনিস্টদের সরাব। '২৬- এ মোদিজির নেতৃত্বে পণ করেছিলাম জামাতি সরকারকে সরাব। আপনাদের সাহায্যে সেটা হয়েছে। আপনারা সাহায্য করুন, সঙ্গে থাকুন, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য, স্বামী প্রণবানন্দের ভূমিতে গেরুয়াই হবে।'                             

Continues below advertisement

কার দখলে 'জোড়া ফুল' প্রতীক ? সপ্তাহ শেষে দুই তৃণমূলের সঙ্গেই বৈঠক বসতে চলেছে নির্বাচন কমিশন 

Continues below advertisement

 

এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা দেওয়াল লিখন, স্লোগান, পোস্টার নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী সমাজমাধ্যমে তিনি পোস্টও করেছিলেন। এক্স মাধ্যমে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছিলেন, 'CMO-র কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ এসেছে। দেশবিরোধী, আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ করা হয়েছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানা আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না।' ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, 'উপাচার্য, উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে।'