Pratik Ur Rahman: তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। ইতিমধ্যেই তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতীক উর রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর সেই ইস্তফাপত্র যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, তেমনই প্রতীক উর-কে সিপিএমের বহিষ্কার করার চিঠিও সমাজ মাধ্যমে ফাঁস হয়েছে। আর সেখানে 'বানান ভুল' নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

Continues below advertisement

শাসক শিবিরের তরফে ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। আর সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই 'ভুল বাংলা বানান' দেখা গিয়েছে প্রতীক উর রহমানকে সিপিএম থেকে বহিষ্কার করার চিঠিতে। এই প্রসঙ্গে সিপিএমকে কটাক্ষা করতে পিছপা হয়নি তৃণমূল কংগ্রেস। 

Continues below advertisement

অরূপ চক্রবর্তী বলেছেন, 'প্রতীক উর রহমানকে বহিষ্কার করেছে। বহিষ্কার আর তৎক্ষণাৎ, দুটো বানানই ভুল। শিক্ষিতদের পার্টি তো, এত শিক্ষায় শিক্ষিত একটা পার্টি, তাদের বহিষ্কারের চিঠিতে বানানে অগুনতি ভুল, তারা আবার বড় বড় ডায়লগ দেয়। এই জন্যই পার্টিটার আজকে এই অবস্থা।' 

তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। এর পরই সিপিএম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা ছিল যে প্রতীক উর রহমান যোগ দিতে পারেন শাসক শিবিরে। সেই জল্পনাই সত্যি হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে, পতাকা নিয়ে কাস্তে-হাতুড়ি ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। বিধানসভা নির্বাচনের আগেই 'প্রতীক' বদল করেছেন এককালের বাম যুবনেতা। ভোটের আগে প্রতীক উর- এর সিপিএম ছাড়া নিঃসন্দেহে দলের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর তৃণমূলে যোগ দিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ২০২৪ সালে ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন প্রতীক উর রহমান।