পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সরকারি জমির নথি জাল করে ঋণ নিয়ে না মেটানোর অভিযোগ। গ্রেফতার প্রাক্তন সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়। পুলিশের জালে যাদবপুরের এক সময়ের প্রভাবশালী নেতা। বছর তিনেক আগে দল থেকে তাঁকে বহিষ্কার করে সিপিএম। নথি জাল করে সরকারি জমি লিজ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই লিজের নথি জমা দিয়ে ঋণগ্রহণ এবং সেই টাকায় বাড়ি তৈরির অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের হয়েছিল সেই নিয়ে। লালবাজারের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করল গৌতমকে। (Goutam Banerjee)
যাদবপুর-টালিগঞ্জের একসময়ের প্রভাবশালী নেতা গৌতম। লালবাজারের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করল। পুরনো একটি মামলায় গ্রেফতার হলেন তিনি। অভিযোগ, সরকারি জমি সংক্রান্ত নথি জাল করেছিলেন তিনি। জমিটি লিজ নিয়ে ঋণ নেন ব্যাঙ্ক থেকে। সেই টাকায় বাড়ি তৈরি করেন। কিন্তু ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা তিনি শোধ করেননি বলে অভিযোগ। যেখান থেকে ঋণ নিয়েছিলেন গৌতম, তাদের তরফে বাড়ি দখল করতে যাওয়া হলে দেখা যায় বাড়িটি আসলে সরকারি জনিতে তৈরি। (CPM News)
আরও পড়ুন: নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
সেই নিয়ে জটিলতা তৈরি হয়। রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের হয় সেই নিয়ে। সেই মতো, শুক্রবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ গৌতমকে গ্রেফতার করে। শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হচ্ছে। পুলিশের তরফে হেফাজতে চাওয়া হবে তাঁকে।
এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "সিপিএম আমলে সিপিএম-এর নেতারা, একদম নিচু লেভেল থেকে শুরু করে সব জায়গায় চুরিচামারিতে তৃণমূলের চেয়ে কোনও অংশে কম ছিলেন না। তাঁরা ধুতি পরে, সাদা চুলে চুরি করতেন, আর স্ট্র দিয়ে খেতেন। তাই মুখে লেগে থাকত না। তৃণমূল বোকা ছিল, অত শিক্ষিত ছিল না, পড়াশোনা কম ছিল বলে গাপ গাপ করে খেতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু সিপিএম তো কম ছিল না! আমরা দেখেছি দিনের পর দিন।"
আরও পড়ুন: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
সুকান্ত আরও বলেন, "গ্রামের স্কুলগুলিতে যাবেন হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেব সিপিএম করার জন্য কোন কোন মাস্টারমশাই চাকরি পেয়েছেন, যখন কমিটির দ্বারা শিক্ষক নির্বাচন হতো। এই ধরনের বহু নিদর্শন আছে। যেখানে সুযোগ পেয়েছে সিপিএম পুরো কামিয়েছে। সাদা ধুতি আর সাদা চুলে চুরি করত, তাই অনেকে সন্দেহ করকে পারত না।"
