আর কিছুক্ষণের অপেক্ষা । তৈরি ভারতের পূর্ব উপকূল। আবার সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে তৈরি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই নিম্নচাপটি। উত্তর-উত্তরপশ্চিম দিকে প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। আর তার জেরে কলকাতায় শুরু হয়ে গেল দুর্যোগ। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। টানা তিন দিন স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  

Continues below advertisement

পশ্চিমবঙ্গে আজ ও কাল,  একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল, ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে আকভান। ফলে পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে বাড়ছে উদ্বেগ।

Continues below advertisement

কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আকভান?

আবহাওয়া দফতরের ১৮ নভেম্বর রাতের বুলেটিন অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। রাত সাড়ে ১১টা নাগাদ এর অবস্থান ছিল নরসাপুর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওডিশার পুরী থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণে।

ঘূর্ণিঝড়টির গতিবেগ ও শক্তির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও এর শক্তিশালী ঘূর্ণিঝড়ের তকমা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কোথায় আছড়ে পড়বে আকভান?

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দুপুর নাগাদ নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করতে পারে আকভান। উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূল সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ ও ২০ নভেম্বর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং ওডিশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অতি প্রবল বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।