কলকাতা : বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় 'আকভান' ক্রমেই এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে। সকাল থেকে বৃষ্টি শুরু পুরীতে। শুক্রবার দুপুরে নরসাপুর ও পুরীর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে 'আকভান'। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। রাজ্যের ছয়টি জেলায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়া ও শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
ছয়টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। সেগুলি হল গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া এবং কান্ধামাল। এই জেলাগুলির সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ থাকবে। প্রাথমিকভাবে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হতে পারে। ওড়িশা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে ছুটি বাড়ানো হতে পারে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসকরা।
শুধু এই ছয়টি জেলা নয়, ওড়িশার বাকি জেলাগুলির প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ ত্রাণ কমিশনারের দফতরের তরফে সমস্ত জেলার কালেক্টরদের স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। কোথাও পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন সংশ্লিষ্ট কালেক্টররা। ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ করেছে ওড়িশা প্রশাসন।
শুক্রবার দুপুরে পুরীর কাছাকাছি ল্যান্ডফল হলে, ঝড়ের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০–১০০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে । বৃষ্টিপাত হতে পারে পুরী এবং সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
কয়েক জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এদিকে স্থলভাগে আঘাত হানার সময়, স্বাভাবিক এর থেকে ০.৫ থেকে ১.২ মিটার উঁচু ঢেউ উঠতে পারে পুরীতে। নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং এর পাশাপাশি সমুদ্র অত্যন্ত উত্তাল থেকে উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই প্রশাসন ওড়িশায় উপকূলীয় জায়গায় সতর্কতা জারি করেছে । ক্রমাগত চলছে সতর্কতামূলক প্রচার।
