কলকাতা :বিধানসভা নির্বাচনের পর নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স নীতি'। রাজ্যে পালাবদলের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বার্তা দিয়ে এসেছেন যে, দুর্নীতি হলেই কোনও আপোষ করা হবে না। যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত থাকবে, সরকার কড়া ব্যবস্থা নেবে। কিন্তু হঠাৎ দলের অন্দরের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, ''আমাদের বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত''। 

Continues below advertisement

শমীক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ। তোলাবাজির অভিযোগ ঘিরে দলের একাংশকে বহুবার প্রকাশ্যেই সতর্ক করছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু কার কথা কে শোনে। দলের অন্দরেই দুর্নীতির গন্ধ পেয়ে এবার কড়া বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী। নাম না করে বহু বিধায়ককে কাঠগড়ায় তুলে সতর্কের সুরে হুঁশিয়ারি দেন বিজেপির দাবাং নেতা। তিনি বলেন, ''আমাদের বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনও কারণ নেই'। 'পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে'। 'আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টিও নজর রেখেছে চেষ্টা করছে, পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশে বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। সময়ে সব হিসাবে হবে''। বিরোধী দলের নেতা থাকাকালীন হোক বা শাসকদলের মন্ত্রী, দিলীপ ঘোষ মুখ খুললেই জুড়ে যায় বিতর্ক। কারণ তিনি স্পষ্ট কথা স্পষ্ট ভাবেই প্রকাশ করেন।  সর্বদাই একটা ‘দাবাং’ মুডে ধরা দেন তিনি। এতদিন তৃণমূলের দুর্নীতি নিয়ে বহু মন্তব্য করেছেন। তবে এবার দলের কর্মীদের উদ্দেশে দুর্নীতি প্রসঙ্গে তাঁর বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল আমলে যাঁরা দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, পালাবদলের পর তাঁরাই বিজেপি নেতানেত্রীদের সঙ্গে জুড়ে যেতে চাইছেন।  নাম না-করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দলেরই বেশ কয়েক জন বিধায়ককে কাঠগড়ায় তুলেছেন। দিলীপ ঘোষের কথায়, ''কিছু জন নতুন বিধায়ক হয়েছেন, যাঁরা ক্ষমতার স্বাদ পেয়েছেন। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজদের। ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন। তাঁদের কথাবার্তা একেবারে পাল্টে যাচ্ছে।''এই বার্তার পাশাপাশি দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরে বলেন, ''দল সব কিছুর উপর নজর রাখছে। ছ’মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে।''

Continues below advertisement