কলকাতা : মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে কী বলছেন, বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

Continues below advertisement

মন্ত্রীর কথায়, 'টেলিভিশনে দেখেছি উনি (ফিরহাদ হাকিম) বলছেন, ওনাকে কাজ করতে দেওয়া হয়নি। উনি তো আমায় কিছু জানালেন না। আমি এখন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, আমায় তো কিছু বললেন না। জানানো দরকার ছিল। ২ দিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তাঁকেও কিছু জানালেন না। আমার মনে হয় খুব ভাল করে পরিকল্পনা করে এটা করা হয়েছে। ফিরহাদ হাকিম, বিধাননগর পুরসভার মেয়র, হাওড়া... সব জায়গাতেই বোধহয় ওনাদের সুপ্রিমোর কথাতেই এটা করা হচ্ছে যে নতুন সরকার এসেছে, একসঙ্গে এসব করে একটু সমস্যায় ফেলা যাক। আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে। ১৫ বছরে ফিরহাদ হাকিম মহাশয় কী কী কাজ করেছেন, সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে। রাস্তাঘাটে চলার অবস্থা নেই। পার্ক, জলাশয় একদম নোংরা। কোনওদিন কোনও উন্নয়নের কাজ হয়নি। জলাশয় বুঁজিয়ে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। ১০ দিন মতো বাকি বর্ষাকালের। সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদবাবু? আপনারা কতটা স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন... আমার সেই দিনটার কথা মনে পড়ছে যখন ইডি আপনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, আর আপনি হাউহাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না... এগুলো কতটা হিপোক্রেসি, আজ আবার দেখা গেল। তবে বাংলার মানুষকে বলব চিন্তা করবেন না। যোগ্য অফিসার আছেন, যোগ্য কর্মীরা আছেন, আমরা একসঙ্গে মিলে খুব ভাল কাজ করব।' 

Continues below advertisement

পুরসভা 'ডিফাঙ্ক' অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, এই অভিযোগ বারংবার তোলা হচ্ছে তৃণমূলের তরফে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেছেন, 'আমরা কিন্তু জানি না এই ডিফাঙ্ক করার বিষয়টা। এত বড় সিদ্ধান্ত নিলেন, একবার জানাতে পারতেন। আমাকে না জানান, মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন। আমরা তো আপনাদের কাউকে ডিফাঙ্ক করতে চাই না বলেই মুখ্যমন্ত্রী সব বিরোধী বিধায়কদের নবান্নে ডেকেছিলেন। সেখানে বলতে পারতেন। আপনারা ১৫ বছরে আমাদের কখনও ডাকেননি। কিন্তু আমরা উদাহরণ তৈরি করছি। আর এটাই হওয়া উচিত। বিরোধীদের কথা শোনা। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা বলতে দিয়েছেন। সুতরাং সেদিন বললেন না কেন? এখন পালিয়ে যাচ্ছেন? ভাবছেন বর্ষার ১০ দিন আগে আমাদের খুব বিপদে ফেলে পালিয়ে যাবে? পারবেন না বিশ্বাস করুন। বাংলার মানুষ যে জনাদেশ দিয়ে, বিশ্বাস নিয়ে আমাদের নিয়ে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কঠিন সময় ভালভাবে পার করে যাব। আমরা সবাই মাঠে রয়েছি।'