কলকাতা: নামী কোম্পানির মোড়কে বিক্রি হচ্ছে সস্তার তেল। হুগলির পুরশুড়ায় বেআইনি কারবারের পর্দাফাঁস। খাদ্য সুরক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের অভিযান চলে। ১১ লক্ষ টাকার ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়। বড় বড় কোম্পানির নাম লেখা টিনে সস্তার তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। পুরশুড়ায় ৪৭০টিন ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়েছে।
ঠিক কী হয়েছে?
নামী কোম্পানির মোড়কে ভেজাল তেল বিক্রির বড়সড় চক্রের পর্দা ফাঁস হুগলির পুরশুড়ায়। খাদ্য সুরক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের অভিযানে বড় সাফল্য। ১১ লক্ষ টাকার ভেজাল তেল বাজেয়াপ্ত। বড় বড় কোম্পানির নাম লেখা টিনে ভেজাল তেল ভর্তি করার পর সিল করে দিনের পর দিন বাজারে বিক্রি চলছিল।
রবীন্দ্রনাথ সাধুখাঁ নামে এক ব্যবসায়ী এই কারবার চালাচ্ছিল বলে অভিযোগ। পুরশুড়া বাজারে ব্যবসায়ীর গোডাউনে আচমকা হানা দিয়ে ৪৭০ টিন ভেজাল তেল বাজেয়াপ্ত করা হয়েছে। তেলের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষকে সস্তায় তেল বিক্রির জন্যই এই তেল দেওয়া হয়েছে।
অন্যদিকে, নারায়ণগড়ে একাধিক মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালালেন ফুড সেফটি আধিকারিকরা। অভিযোগ, মিষ্টি তৈরিতে কাঠের রং ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি দোকানের রান্নাঘর ছিল অপরিষ্কার ও অস্বাস্থ্যকর। অভিযানে অনিয়ম ধরা পড়ায় কয়েকটি দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়।
