সনৎ ঝাঁ, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতেও চলল বুলডোজার। পঞ্চনই নদীর বাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ দলীয় তৃণমূল কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চনই নদীর বাঁধের ওপরেই গড়ে উঠেছিল একটি তৃণমূল কার্যালয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, ওই অফিসটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এভাবে বাঁধের ওপর কোনও অফিস গোড়ে তোলা যায় না। কিন্তু আপত্তি থাকা সত্ত্বেও, তৃণমূল সরকার থাকাকালীন, বহাল তবিয়তে ছিল ওই তৃণমূল অফিস। তবে রাজ্যে সরকার বদলের পরে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওই বেআইনি নির্মাণ। 

Continues below advertisement

শিলিগুড়িতে ভাঙা হল বাঁধের ওপর বেআইনিভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস

আজ, বৃহস্পতিবার পঞ্চনই নদীর বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত তৃণমূলের ওই পার্টি অফিস ভেঙে ফেলা হয়। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বুলডোজার অভিযান চালিয়ে ওই পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। পুরসভা সূত্রে খবর, নদীর বাঁধের ওপর অনুমতি ছাড়া নির্মিত হওয়ার কারণে, দীর্ঘদিন ধরেই ওই পার্টি অফিস নিয়ে আপত্তি ছিল। নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে, বৃহস্পতিবার সকালেই পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন। বুলডোজারের সাহায্যে অল্প সময়ের মধ্যেই অবৈধ নির্মাণটি ভেঙে ফেলা হয়। অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে ঘটনাস্থলে প্রধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা অভিযান জুড়ে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়। উচ্ছেদ অভিযানের সময়ে, শিলিগুড়ি পৌরনিগমের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। যদিও অভিযানের সময় কোনও বড় ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি।

Continues below advertisement

জেলায় জেলায় ভাঙা হল অবৈধ নির্মাণ

অন্যদিকে, জেলায় জেলায় অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিতে চলছে বুলডোজার। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে প্রশাসন। হলদিয়াতেও বেআইনি উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজার। দুর্গাপুর স্টিল প্লান্টের জমিতে অবৈধভাবে তৈরি তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে অ্যাকশন মোডে রয়েছে প্রশাসন। শহর থেকে জেলায়- বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। নন্দীগ্রাম, হলদিয়া, পুরশুড়া, দুর্গাপুর, বহরমপুর - এই ৫ জায়গাতেও বুলজোজার চলেছে সদ্যই।

 

আরও পড়ুন: Sushmita Roy: গোপনে রেখেছিলেন সন্তানসম্ভবা হওয়ার খবর, মা হওয়ার পরেই সুস্মিতার ফটোশ্যুট প্রকাশ্যে