কলকাতা:যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডব, তদন্তে নামল পুলিশ ও ফরেন্সিক টিম। ঠিক কী হয়েছিল? জানতে ২দিনের ফুটেজ নেওয়ার প্রক্রিয়া শুরু হল এবার। GB মিটিং থেকে এমব্লেম ভাঙচুর, ২দিনের ফুটেজ চেয়েছে পুলিশ। এদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ক্যাম্পাসে গিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে পুলিশ। সূত্র মারফৎ খবর, জিজ্ঞাসাবাদ করা হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত ৩টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ।
যাদবপুরকাণ্ডের তদন্তে সোমবারের পর আজও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেল পুলিশ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। সিসিটিভি ফুটেজ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিকুইজিশন দিয়েছে পুলিশ। পাশাপাশি এদিন সন্ধেয় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা।এভাবেই তাণ্ডব চলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের যাদবপুর ক্যাম্পাসে গেল পুলিশ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ঘরে গিয়ে ঘণ্টাখানেক বৈঠক করে তারা। পুলিশের বক্তব্য়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কাছ থেকে বুধবার ও বৃহস্পতিবার দু'দিনেরই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মনোজ কুমার ঝা বলেন, এর ডিটেলসটা যা জানতে হয়, আমি উপযুক্ত কর্তৃপক্ষ নই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তাদের সঙ্গে আপনারা কথা বলুন।
প্রশ্ন- গতকাল মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। উত্তর: প্লিজ স্যর, আমি আমার কাজ নিয়ে রয়েছি। প্রশ্ন: রেজিস্ট্রারের সঙ্গে কথা হল?উত্তর: আমরা সব রিকুইজিশন দিয়েছি। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, যা যা রিকুইজিশন পুলিশ দিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাকে দেখতে হবে পুরোটা। ফুটেজগুলো ওনারা বলেছেন। প্রাথমিকভাবে যেটা আমি দেখেছি এক ঝলকে যে ফুটেজগুলো ওনারা চেয়েছেন। ফুটেজগুলো যতটুকু আছে আমরা সবটা মিলিয়ে দেব। ..কাজ চলছে। প্রসেসে চলছে।'মঙ্গলবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা।অরবিন্দ ভবন-সহ বুধবার রাতে যেসব জায়গায় তাণ্ডব চলেছিল, সেখানে ছবি তোলার পাশাপাশি নমুনাও সংগ্রহ করা হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সময় জারি করা ক্যাম্পাসে পড়ুয়াদের ঢোকা-বেরনো এবং ক্যাম্পাসে আচরণবিধি সংক্রান্ত তিনটি নোটিস নিয়ে যায় পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন,' সেলিম বক্সদের, এই প্রশাসনকে আগে বের করে দেওয়া উচিত। তারপরে তদন্ত হোক। পুলিশ ভাল করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক।' পুলিশ সূত্রে দাবি, প্রয়োজনে ঘটনার দিন চার নম্বর গেট-সহ অন্যান্য জায়গায় মোতায়েন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলা হবে।
