কলকাতা: পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। SIR-এর নিষ্পত্তিতে কাজ করছিলেন বিচারকরা, কিন্তু পোর্টালে বিপত্তি হওয়াতে প্রবল সমস্যা শুরু হয়। 

জানা গিয়েছে, দুপুর ১টার পর থেকে বিচারকদের পোর্টালের সার্ভার ডাউন হয়ে যায়। উত্তর ২৪ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং-একাধিক জেলায় পোর্টাল ডাউন হয়ে যায় বলেই সূত্রের খবর। 

এও জানা গিয়েছে, 'লগ ইন আইডি দেওয়ার পরেও খুলছে না পোর্টাল', বিচারকদের লগ ইন নিয়ে এল একাধিক অভিযোগ, খবর সূত্রের।                                                                                         

এর আগে এদিন দুপুর দেড়টা থেকে নির্বাচন কমিশনের সার্ভার ডাউন। এসআইআরের চূড়ান্ত তালিকা ডাউনলোডে সমস্যা তৈরি হয়েছে। অনলাইনে এই মুহূর্তে কোনও তথ্য দেখতে পাওয়া যাচ্ছে না। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলার মানুষও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট ঠিক করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। 

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, 'নিশ্চয়ই ভুলভ্রান্তি হতেই পারে। ভুলভ্রান্তি খুব কম হয়েছে। এতবড় পদ্ধতির মধ্যে ২০০-৪০০ কিছু ভুল হয়েছে ... যেখানে যেখানে ভুল হয়েছে আমরা ব্যবস্থা নিয়েছি। যেখানে আমরা দেখলাম ইচ্ছাকৃত ভুল হয়েছে।'                                              

শনিবার প্রথম ধাপে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে সাড়ে ৬৩ লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে। খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম 7-এ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। কিন্তু, প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার পরই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। নির্বাচন কমিশনের পাল্টা দাবি, তারা ওয়েবসাইটে সমস্ত তথ্য়ই তুলে ধরেছে। 

চূড়ান্ত তালিকা প্রকাশের পর একাংশের নাম বাদ ঘিরে চড়ছে রাজনীতির পারদ।