কলকাতা : নামী রেস্তোরাঁ, শিকেয় বিধি । সিল করে দেওয়া হল গড়িয়ার কস্তুরী রেস্তোরাঁ। অভিযোগ, এর আগেও সতর্ক করা সত্ত্বেও তাতে কান দেয়নি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। লাইসেন্স সাসপেন্ড করে দেওয়ার পরও, সেই অবস্থাতেই রেস্তোরাঁ খোলা রাখা হয়েছিল বলে অভিযোগ। এরপরই আবার ফুড ইন্সপেক্টররা সেখানে হানা দেন। রেস্তোরাঁয় ফের ছত্রাক ধরা খাবার মেলে বলে তাঁদের দাবি। বুধবার সন্ধেয় জেলা স্বাস্থ্য় দফতরের খাদ্য় সুরক্ষা আধিকারিক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং স্থানীয় থানার পুলিশকর্মীরা সেখানে গিয়ে রেস্তোরাঁ সিল করে দেন।
দুর্গাপুজোর আগে কলকাতার একের পর এক ফুড জয়েন্টে পৌঁছে যান ফুড ইন্সপেক্টররা। গত সেপ্টেম্বরে কলকাতার গড়িয়ায় খাদ্য-বিধি না মানায় ৯টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়। সতর্ক করে দেওয়া হয়। সেখানে গিয়ে খাদ্য় সুরক্ষা আধিকারিকরা দেখেন কোথাও পচা মাংস, কোথাও মেয়াদ উত্তীর্ণ খাবার, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা। তাদের বিশেষ ভাবে সতর্ক করা হয়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ১০টি দোকান সিল করা হয়। লাইসেন্স সাসপেন্ড গড়িয়া স্টেশন রোডের কস্তুরী রেস্তোরাঁর। গড়িয়া নুডল উডল রেস্তোরাঁরও লাইসেন্স সাসপেন্ড করা হয়। এছাড়া কামালগাজির নিউ মিষ্টিমুখের ফুড লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়।সিল করে দেওয়া হয়েছে সোনারপুর মোড়ে বাবুর্চি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও সিল করা হয় নরেন্দ্রপুরের রসোই-এ-হিন্দ রেস্টুরেন্ট। কিন্তু অভিযোগ , তারপরেও রেস্তোরাঁ খোলা রাখা হয়েছিল কস্তুরী রেস্তোরাঁর। রমরমিয়ে চলছিল ব্যবসা। বসে খাওয়া থেকে হোম ডেলিভারি। খবর পেয়ে এবার তৎপর হলেন ফুড ইন্সপেক্টররা ।
