কলকাতা: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, প্রতিবাদ করায় হামলা! ঘটনাটি ঘটেছে নাগেরবাজারে। জানা গিয়েছে সেখানে বাইক থেকে নামিয়ে মারধর করা হয় এক তরুণীকে। তাঁকে 'শ্লীলতাহানি' করা হয় বলেও অভিযোগ জানানো হয়েছে। সেই সময় তরুণীর আত্মীয়রা বাঁচাতে এলে বন্দুকের বাঁট দিয়ে মারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নাগেরবাজার থেকে লেকটাউন যাওয়ার সময় আক্রান্ত হন সেই তরুণী। রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, বাইক হর্ন দেওয়ায় চড়াও হয় তারা। বাইক থেকে নামিয়ে বন্ধুকে মার, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। এরপরই নাগেরবাজার থানায় ৪ দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্য়েই শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত।
এবিপি আনন্দকে দেওয়া নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে সেই তরুণী বলছেন, 'গতকাল রাতে আমরা সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্য়ে বাড়ি ফিরছিলাম। রাস্তা জ্যাম থাকলে যেভাবে মানুষ হর্ন দেয়, সেভাবে হর্ন দেওয়া হয়েছিল। আমি ও আমার বন্ধু বাইকে ছিলাম। তাঁর বাইকটি আটকায় এক ব্যক্তি। নিজের পরিচয় দেয় সে পকাই বলে। সে আমাদের হুমকি দেয় যে রাস্তা যতক্ষণ ইচ্ছে বন্ধ থাকবে। কিন্তু আমরা তখন বলি যে একটু জায়গা দিতে। আমার বন্ধু হর্ন দিয়েছিল বলে ওকে হুমকি দেয়। চাবিটা আচমকা তুলে নিয়েছিল সেই ব্যক্তি। আমার বন্ধুকে দুটো চড় মারে। আমি তখন বাইক থেকে নেমে যাই। আমাকে তখন ওরা ৪ জন ছিল, তারা একটু সরু রাস্তায় টেনে নিয়ে যায়। আমার একটি চেইন ছিল, তারা টানাটানিতে ওটা ছিঁড়ে যায়। আমি তখন চিৎকার করছিলাম। তখন দাদা, ভাইপো বেরিয়ে আসে। তাদের বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়।'
সেই তরুণী আরও জানিয়েছেন, 'আমি পুরো ঘটনাটার ভিডিও করেছিলাম। কিন্তু ওরা প্রাণে মারার হুমকি দিচ্ছিল। তখন ভয়ে আমি ভিডিওটি ডিলিট করে দিই। আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছিল, আমরা আতঙ্কে ছিলাম সে সময়। তবে আমার বন্ধুর চোখে, ঠোঁটে বিশ্রীভাবে মারে। আমি রিকোয়েস্ট করার পরও এভাবে আমার শ্লীলতাহানি করা হয়।'
বিশ্বকর্মা পুজোর রাতে এভাবে একজন মহিলাকে শ্লীলতাহানির শিকার হতে হল। ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন সেই তরুণী। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছেন।
