কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি । জানা গিয়েছে বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা । যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, প্রায় সেই একই সময় কুণাল ঘোষের বাড়িতেও এসে পৌঁছেছে ৪ সদস্যের সিআইডির দল ।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দিলেন সিআইডি-র আধিকারিকরা
সুকিয়া স্ট্রিটের এই বাড়ির তিনতলায় ফ্ল্যাট কুণাল ঘোষের । জানা গিয়েছে, বিধানসভায় যে সই বিতর্ক, সেই বিষয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি । একাধিক বিধায়কের কাছে যাচ্ছে তারা । আর সেই সূত্রেই কুণাল ঘোষের কাছে পৌঁছে গিয়েছে সিআইডির এই দল । কুণাল ঘোষের এই বাড়িতেই কিছুক্ষণ আসে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, তার অনেকটা আগেই তিনি চলে আসেন এখানে ।
জানা গিয়েছে, এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আজ কুণাল ঘোষের বাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুণাল ঘোষের বাড়িতে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে গিয়েছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই সেখানেই এসেছে সিআইডির দল ।
আরও পড়ুন: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম
উল্লেখ্য, বিধানসভায় বিধায়কদের যে সই মিলছিল না । আর সেই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ দায়ের করা হয় বিধানসভার তরফে । আর সেই নিয়েই তদন্ত শুরু করেছে সিআইডি । অভিযোগ, বিরোধী দল হওয়ায় তৃণমূলের তরফে বিধানসভায় একটা রেজুলেশন জমা দেওয়া হয়েছিল । সেখানে বিধায়কদের সই ছিল । অন্যদিকে, শপথ নেওয়ার সময় বিধানসভাতেও সই করেন বিধায়করা । আর দেখা যাচ্ছে এই দুই ক্ষেত্রে সই মিলছে না । আর সেই প্রেক্ষাপটেই এই তদন্ত শুরু করেছে সিআইডি ।
প্রসঙ্গত, হরিশ মুখার্জি রোডের বাড়ির পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতেও যায় সিআইডি টিম । সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডির আধিকারিকরা । এরপর বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডি আধিকারিকরা এবং তাঁদের সামনে সই করে নোটিস নিয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
