কলকাতা: রবিবার কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধ ভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না। তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের! ১০০-র গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল! নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী! মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল।
কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার কালীঘাটে ২০ জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই। সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধ ভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড। সহজে ভেঙে দেওয়া যায় না। তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতা-কর্মীরা।
কাজল শেখ তুললেন 'গদ্দার' প্রসঙ্গ, মিটিংয়ে এলেন না জাহাঙ্গির খান
রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ বলছেন, 'একটা কথা অবশ্য়ই বলব, দলের মধ্য়ে কিছু গদ্দার ঢুকে আছে, যাদের জন্য় এই পরাজয় হয়েছে।' সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারও কোনও অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জানান। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষও। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গির খান।
আরও পড়ুন: Mango Farming: ফ্রুট ব্যাগিং-এই লক্ষ্মীলাভ! বিশেষ এই পদ্ধতিতেই মজেছেন মালদার আম চাষীরা!
