কলকাতা: অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদির অফিস ফোন করে করে যাকে পারছে হুমকি দিচ্ছে। বলছে এখানে ২০ লক্ষ জওয়ান পাঠাও। তারা নাকি ছাপ্পা দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এমনই মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।  

Continues below advertisement

IAS-IPS অফিসারদের বদলি, সেই জায়গায় নতুন অফিসারদের বসানো এই নিয়ে ইতিমধ্য়েই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়। এবার কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, 'ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদির অফিস ফোন করে করে যাকে পারছে হুমকি দিচ্ছে। আর বলছে এখানে ২০ লক্ষ জওয়ান পাঠাও। তারা নাকি ভোটের ভিতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। EVM মেশিন থেকে শুরু করে, মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে। সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে, সেই জন্যই কতগুলো পেটোয়া লোককে আগমন করেছে। কুচো থেকে পোনা, রুই থেকে পুঁই সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে।' 

SIR এখনও শেষ হয়নি। এখনও বিবেচনাধীন লক্ষ লক্ষ নাম। তাঁদের নথি পরীক্ষা এখনও চলছে। তাঁরা শেষ অবধি ভোটার থাকবেন কি থাকবেন না, তা স্পষ্ট নয়। সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে, তাও এখনও বোঝা যাচ্ছে না। এই আবহেই বড় অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি যতদূর শুনেছি, ২২ লক্ষ, ৬০ লক্ষের মধ্যে করা হয়েছে। তার মধ্যে ১০ লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি। বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। বিশেষত একটা সম্প্রদায়কে টার্গেট করে'। 

এদিন, নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান থেকেই, দুয়ারে চিকিৎসা, দুয়ারে স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছি, ওগুলো যেমন চলছে, চলবে। সেই কাজগুলোই যারা করছিল, তাদের সব তুলে নিয়ে গেছে যাতে করতে না পারে ভোটের আগে। ওকাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর, প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য'। 

এবারই রেকর্ড আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের জন্য পশ্চিমবঙ্গে আসছে। রেকর্ড সংখ্যক জেনারেল অবর্জাভারও আসছেন। আসবে রেকর্ড সংখ্যক পুলিশ অবজার্ভারও। সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। বেজায় খুশি বিজেপি। উল্টোদিকে ক্ষুব্ধ তৃণমূল। একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দোপাধ্যায়। অর্থাৎ ভোটের ময়দানে এখন ধুরন্ধরদের লড়াই চলছে।