কলকাতা: ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী। আর এদিনই প্যারা টিচারদের সংগঠনের বিক্ষোভ চলে সেখানে। শুক্রবার ধর্নামঞ্চে হঠাৎ পোস্টার নিয়ে হাজির প্যারা টিচারদের সংগঠন। স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ। 

Continues below advertisement

প্যারা টিচারদের বিক্ষোভ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, 'দোহাই আপনাদের। মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। দয়া করে বিজেপির কথায় এসব করবেন না। জায়গাটা খোলা আছে মানে এটা ভাববেন না যে যা ইচ্ছে করা যাবে। যে কোনও মানুষ এখানে আসতে পারেন সম্মান নিয়ে আসুন। এখানে শান্তভাবে থাকতে পারলেন থাকবেন। এটা কারও কোনও দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর-এর দাবিতে। রাজনীতি করবেন না।'

এরপরই কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। বলেন, 'অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান। যান এখান থেকে। আমি পুলিশকে বলব ওদের আস্তে আস্তে কোনও জায়গায় বসিয়ে দিন।'

Continues below advertisement

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই শুক্রবার থেকে ধর্নায় মুখ্যমন্ত্রী। SIR নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল নির্বাচন কমিশন। এই লজ্জা ঢাকার জায়গা নেই', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। 'SIR-এর জন্য যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার আসবে', নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। রাতভর মেট্রো চ্যানেলের ধর্নায় থাকতে পারেন তৃণমূলনেত্রী, এমনটাই খবর। '৫ লক্ষ জীবিতকে কোথাও কোথাও মৃত দেখানো হয়েছে', SIR-র তালিকা নিয়ে কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম রয়েছে 'বিবেচনাধীন' ভোটারের তালিকায়। দোসরা মার্চ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 'বিবেচনাধীন' প্রায় ৬০ লক্ষের মধ্যে সাড়ে ৩ লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এই আবহে ভোট প্রস্তুতি পর্যালোচনায় রবিবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার ২ দিন আগে SIR-এ চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।