মন্দারমণি: নিম্নচাপ, দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই মন্দারমণিতে বড় দুর্ঘটনা। সোমবার উত্তাল ছিল সমুদ্র। দুপুরের দিকে সপরিবারে স্নান করতে নেমে ঘটে যায় দুর্ঘটনা। মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। উদ্ধার করা হয়েছে ১ নাবালককে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খোঁজ মেলেনি নদিয়ার শান্তিপুরের ২ জনের। দীঘা থেকে টোটো করে মন্দারমণিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তিনজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ । মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায়। মন্দারমণি গোয়া বিচ রিসোর্টের সামনেই সপরিবারে স্নানে নামেন নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা সুমন শীল , তাঁর স্ত্রী ও শিশু। তারপর উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা। নিখোঁজ হয়ে যান সুমন শীল (২৪) এবং তাঁর স্ত্রী বৃষ্টি শীল (১৮)। তাঁদের সঙ্গে থাকা বছর সাতেকের এক শিশুও জলে তলিয়ে যায়। শিশুটিকে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিসাই বড় রাঙ্গুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর শুরু হয় নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি। বিকেলের দিকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় বৃষ্টি শীলের দেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এখনও নিখোঁজ রয়েছেন তাঁর স্বামী সুমন শীল। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এদিন মোট আট জনের একটি দল দীঘা থেকে টোটো করে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন। তাঁদের মধ্যে এই তিনজন সমুদ্রে স্নান করতে নামেন। কিছুক্ষণ পর জোয়ারের জলে তাঁরা তলিয়ে যান। দুর্ঘটনার খবর শান্তিপুরে পৌঁছোনোর পর উদ্বেগে সুমনের পরিবার। সুমনের ভাই জানান, তাঁর দাদাকে ফোন করতে ফোন ধরেন অপরিচিত এক ব্যক্তি । তিনিই দুর্ঘটনার কথা জানান। সুমন দিল্লিতে কাজ করতেন বলে জানা গিয়েছে।
২০২৬ সালে এপ্রিল মাসে, মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় চিকিৎসক দম্পতি। তালসারিতে শ্যুটিংয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পরপরই এই ঘটনা। তার মধ্যেই অঘটন ঘটে মন্দারমণিতে। এপ্রিলে এক বিকেলে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন চিকিৎসক দম্পতি। সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান তাঁরা। এরপর তাজপুরের বিশ্ববাংলা সেন্টারের কাছে সমুদ্রে ২ জনকে ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
