ভয়ঙ্কর ঘটনা। গা শিউরে ওঠার মতো। স্কুলের খাবার খেয়ে যমে-মানুষে টানাটানি যেন! ওডিশার ময়ূরভঞ্জ জেলায় সরকারি আবাসিক এক আদিবাসী স্কুলের খাবার নিয়ে উঠল ভয়ঙ্কর অভিযোগ। স্কুলের খাবার খেয়েই নাকি অসুস্থ শতাধিক ছাত্রছাত্রী । তাদের বেশির ভাগেরই অবস্থা বেশ সঙ্কটজনক। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এক পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে, যা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ( Mohan Charan Majhi )।
কী ঘটেছিল?
জানা গিয়েছে, ময়ূরভঞ্জ জেলার কাকাবন্ধা আশ্রম স্কুলের ছাত্রছাত্রীরা রবিবার সকালে এমন কিছু খাবার খায়, যা মিড-ডে মিলের অনুমোদিত মেনুতে ছিল না। অভিভাবকদের দাবি, ওইদিন সকালে শিশুদের পাখালা ( পান্তা ভাত), আলু ভর্তা এবং আমের চাটনি দেওয়া হয়েছিল। এই খাবার খাওয়ার পরই একে একে অনেকের বমি, পেটের সমস্যা এবং শারীরিক অসুস্থতা শুরু হয়। অনেকেই নেতিয়ে পড়ে।
কতজন আক্রান্ত?
অসুস্থ হয়ে পড়া ১০০-রও বেশি ছাত্রছাত্রীকে দ্রুত স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় ৬৭ জনকে বারিপদার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ৬৬ জন সেখানে চিকিৎসাধীন এবং আরও ৪১ জন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।
মৃত্যু ও শোক
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়। তাকে আগেই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পদক্ষেপ
ময়ূরভঞ্জ জেলার জেলা শাসক হেমন্ত কান্ত জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে। একটি দল স্কুলে এবং অন্যটি স্বাস্থ্যকেন্দ্রে নজরদারি চালাচ্ছে। অন্যদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। কীভাবে অনুমোদিত মেনুর বাইরে খাবার পরিবেশন করা হল এবং তাতে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল—তা খতিয়ে দেখা হবে।
প্রশ্ন উঠছে খাদ্য নিরাপত্তা নিয়ে
এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে স্কুলগুলিতে খাদ্য নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার উপর। বিশেষ করে আবাসিক স্কুলগুলিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরও কড়া নজরদারির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ।
আরও পড়ুন :
