প্রদ্যোৎ সরকার, নদিয়া : দিকে দিকে হদিশ মিলছে 'পুরুষ লক্ষ্মীর'! অর্থাৎ পুরুষ হয়েও যাঁরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। গ্রেফতার হচ্ছে একের পর এক। বহরমপুরের রাকিবুল শেখ থেকে রঘুনাথগঞ্জের তারিকুর রহমান, মুস্তাফিজুর রহমান..একের পর এক নাম তালিকায়। জেলায় জেলায়, গ্রেফতার হচ্ছেন অনৈতিক ভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলের পুরুষ নেতারা। এদের কাউকে ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Continues below advertisement

এবার পুরুষ 'লক্ষ্মীর' তালিকা আরও লম্বা হল।  হদিশ। নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে, অন্তত ১৭৩ জন পুরুষ 'লক্ষ্মী'র হদিশ মিলল। BDO অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তাদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। এতদিনে তাদের অ্যাকাউন্টেও পৌঁছেছে টাকা। বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে। আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা! 

ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের BDO । অন্যদিকে, এই ঘটনায় ভোলা শীল নামে BDO অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। তৃণমূল করায় ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ ভোলা শীলের মায়ের। 

Continues below advertisement

'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, কাউকে ছাড়া হবে না। DGP-কে বলা হয়েছে SIT গঠন করতে।' সোমবারই ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী । তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে? তেমন ইঙ্গিতও মিলেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? ' অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যাঁরা মহিলা নন, বা এই কর্মসূচির আওতায় আসেন না, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না।'  

বাড়ির লক্ষ্মী, মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু  সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল ! যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী ! সেই তালিকা যে কতটা লম্বা , তা প্রতিনিয়ত সামনে আসছে। এবার এর পিছনে কাজ করছে কি বড় একটা চক্র? কেঁচো খুঁড়তে এখন কেউটে না বেরিয়ে পড়ে।       

                

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক