কলকাতা: রাজ্যে পরিবর্তন ঘটে গিয়েছে। আর তার পরই এল সুখবর। পশ্চিমবঙ্গকে টাকা পাঠাল কেন্দ্র। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। একটি প্রকল্পে প্রথম কিস্তির টাকাও চলে এসেছে আজ। এতদিন যে টাকা বকেয়া পড়েছিল, তাও শীঘ্রই চলে আসবে বলে আশাবাদী রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, সেই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে তাঁর। (Suvendu Adhikari)

Continues below advertisement

শনিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই রাজ্যবাসীকে সুখবর দেন তিনি। বলেন, "আজ পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় ভারত সরকার আমাদের জন্য ২১০৩ কোটি টাকা মঞ্জুর করলেন। চলতি অর্থবর্ষের জন্য মঞ্জুর হয়েছে এই টাকা। এর এক চতুর্থাংশ, ৫০০ কোটি টাকা এই মুহূর্তে আমাদের ট্রান্সফার করল ভারত সরকার। ২১০৩ কোটির মধ্যে ৫০০ কোটি পেলাম।" (West Bengal Health Fund)

Continues below advertisement

আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ কার্ড থাকলে ‘আয়ুষ্মান ভারতে’র সুবিধা মিলবে কি? নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

নাড্ডার সঙ্গে নিজের কথোপথনও তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য "২৩-২৪ এবং ২৪-২৫ অর্থবর্ষে বিগত সরকার টাকা নেয়নি। সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। উনি বলেছেন,  ২১-২২-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট  পাননি। স্বাস্থ্যসচিব এবং অর্থসচিব ৩০মে-র মধ্যে পাঠিয়ে দিলে ২৩-২৪ এবং ২৪-২৫ অর্থবর্ষের টাকা রিইমবার্স করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।"

আরও পড়ুন: সরকারি পরীক্ষায় মৌখিকের গুরুত্ব কমবে? রাজ্যে নতুন নিয়োগ আইন, জানালেন শুভেন্দু অধিকারী

পাশাপাশি, 'আয়ুষ্মান ভারত' প্রকল্পেও কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গে জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। অর্থাৎ সব মিলিয়ে ৩০০০ কোটি টাকার বেশি মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই হাতে তুলে দেওয়া হয়েছে ৫০০ কোটি টাকা। ১৫তম ফিনান্সের টাকাও আসতে চলেছে বলে জানিয়েছেন শুভেন্দু। সেই মতো পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হচ্ছে। 

কেন্দ্রের কাছ থেকে বকেয়া অর্থ নিয়ে বিগত সরকারের কম টানাপোড়েন হয়নি। ২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর, এ রাজ্যের বিজেপি নেতাদের কথাতেই টাকা আটকে রাখা হয়েছে বলে বার বার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে এদিন শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে আপনাদে জন্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায় শুরু করতে চলেছে বর্তমান সরকার। এর সুফল কিছু দিনের মধ্যেই পেতে শুরু করবেন আপনারা।"

পশ্চিমবঙ্গে আরও মেডিক্যাল কলেজ খোলার অনুরোধও করেছে রাজ্য। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ থাকবে। বর্তমানে রাজ্যের চার প্রশাসনিক জেলা- আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে মেডিক্যাল কলেজ হয়নি। এর জন্য জমি-সহ কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে চলেছে নতুন সরকার। উত্তরবঙ্গে AIIMS গড়ে তোলা নিয়েও প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রের তরফে রাজ্যে তিনটি টিম আসতে চলেছে, চিকিৎসকদের ইন-হাউস ট্রেনিং দেবে তারা। শুভেন্দু জানিয়েছেন, বাংলায় নবনির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে 'অর্থ কোনও সমস্যা হবে না' বলে তাঁকে আশ্বস্ত করেছেন নাড্ডা।