কলকাতা : অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, মামলার তদন্ত চলবে এবং তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, আগামী চার সপ্তাহ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

Continues below advertisement

কোন অভিযোগে দায়ের হয়েছিল FIR?

২০২১ সালে সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। অভিযোগ ওঠে, ভোট পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার মতো মন্তব্য করেছিলেন তিনি। এই মামলার আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন টলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক।

FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে পরমব্রত

Continues below advertisement

পরমব্রত চট্টোপাধ্যায় FIR খারিজের আবেদন জানিয়ে গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করেন। তাঁর দাবি, যে অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়েছে, তা আইনত টেকসই নয়। এই মামলার শুনানি হয় শুক্রবার। 

আদালতের নির্দেশ কী?

কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া চলবে। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে অভিনেতাকে। তবে আদালত এ-ও নির্দেশ দিয়েছে যে, আগামী চার সপ্তাহ পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ফলে আপাতত গ্রেফতারি বা জোরালো পুলিশি পদক্ষেপের আশঙ্কা থেকে কিছুটা স্বস্তি পেলেন অভিনেতা। তবে তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ হচ্ছে না। 

রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চর্চা

পরমব্রত চট্টোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা ভোটের ফল বেরনোর পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টটি ভোটপরবর্তী হিংসায় উস্কানি দিয়েছে বলে অভিযোগ দায়ের হয় সম্প্রতি।   পরমব্রত সেই সময় পোস্ট করেছিলেন,  'বিশ্ব রগড়ানি দিবস ঘোষণা হোক।' অভিনেতার সেই পোস্টের রিপ্লাই-তে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও কমেন্ট করেছিলেন। লেখেন, 'হোক হোক...'। এই পোস্টটিকে কেন্দ্র করে  সম্প্রতি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলা খারিজ করার আবেদন নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হল অভিনেতা। কিন্তু আদালত জানিয়ে দেয়, তদন্ত থামবে না।