কলকাতা : ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। মাত্র ৪ দিনের ব্যবধানে দ্বিতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম।
নতুন দরে লিটারে ৮৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম পৌঁছেছে ১০৯ টাকা ৬০ পয়সায়। ডিজেলের নতুন দাম হয়েছে লিটারে ৯৫ টাকা ৯৬ পয়সা।
এর আগেই ১৫ মে পেট্রোলের দাম লিটারে ৩ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র চার দিনের মধ্যে জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে।
পরিবহণ খরচ বাড়ার আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। বিরোধীদের অভিযোগ, ভোট মিটতেই লাগাতার জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা— এই আবহেই দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পাঁচ রাজ্যের ভোট মিটতেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, তা কার্যত সত্যি হল। মাত্র ৪ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বাড়ল পেট্রোপণ্যের দাম।
অর্থনীতির একাধিক সূচকও এখন উদ্বেগ বাড়াচ্ছে। ডলারের তুলনায় দুর্বল হচ্ছে টাকা। ধুঁকছে শেয়ার বাজার। মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ স্তরে। তার উপর ইতিমধ্যেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। বেড়েছে বাণিজ্যিক এলপিজির দামও। অটোগ্যাসের দাম বৃদ্ধির পর চাপ বেড়েছে পরিবহণ খরচে। দুধের দাম বৃদ্ধিও মধ্যবিত্তের খরচ আরও বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মানেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে নতুন করে আগুন লাগার আশঙ্কা। কারণ, পরিবহণ খরচ বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে বাজারে। সবজি থেকে মাছ-মাংস, মুদি সামগ্রী থেকে ওষুধ— প্রায় সব পণ্যের দামই বাড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের একাংশের।
সাধারণ মানুষের প্রশ্ন, মূল্যবৃদ্ধির এই চাপ থেকে স্বস্তি মিলবে কবে?
আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা
কলকাতায় জ্বালানির নতুন দাম (কলকাতা)
| জ্বালানি | আগের দাম | কত বাড়ল | নতুন দাম |
|---|---|---|---|
| পেট্রোল | ₹108.74 | ₹0.86 | ₹109.60 |
| ডিজেল | ₹95.13 | ₹0.83 | ₹95.96 |
কলকাতায় ১৫ মে-র মূল্যবৃদ্ধি
| জ্বালানি | দাম বেড়েছিল |
|---|---|
| পেট্রোল | ₹3.29 প্রতি লিটার |
| ডিজেল | ₹3.11 প্রতি লিটার |
