রঞ্জিত সাউ, কলকাতা: অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠল সল্টলেক আই সি ব্লকে। কুকুরের কামড়ে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্তকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অশ্লীল মন্তব্যের প্রতিবাদ। এই প্রতিবাদ করায় পোষ্য কুকুর ছেড়ে দেওয়ার অভিযোগ। রট ওয়েলরের কামড়ে রক্তাক্ত প্রতিরক্ষা দফতরের কর্মী। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত ১১টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের আই সি ব্লকে সুমিতেস নামে এক ব্যক্তির সঙ্গে ওই ব্লকের এক বাসিন্দা সুনীল লালের সঙ্গে বচসা চলছিল।
সেই সময় অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করতে যান আরেক বাসিন্দা অবিনাশ কুমার। সেই সময় সুমিতেস পোষ্য কুকুর ছেড়ে দেন অবিনাশের ওপরে। কুকুরের কামড়ে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আক্রান্ত অবিনাশ কুমার বলেন, রাতে ঝামেলা থামাতে গিয়েছিলাম। তখন কুকুর ছেড়ে দেয়। ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত।
অন্যদিকে, ফুলবাগানে (Phoolbagan) বিচারকের গাড়ির ধাক্কায় (Car Accident) আহত এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ (Phoolbagan Police Station)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে।
নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।
