রানা দাস, কালনা (পূর্ব বর্ধমান) : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিল বসু। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি জবরদখল, গুলি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। বিধায়ক থেকে মন্ত্রী, সকলেই তাঁকে সমীহ করে চলতেন বলে অভিযোগ বিরোধীদের। সূত্রের খবর, পুলিশ থেকে কাউন্সিলরের জন্য আলাদা নিরাপত্তা বরাদ্দ করা হয়েছিল।

Continues below advertisement

কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। এলাকায় তিনি সুমন বলে পরিচিত। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, একটি পুরনো মামলার জন্য তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল। পুলিশকে দেখেই এই কাউন্সিলর ছুটে পালিয়ে যাচ্ছিলেন। কালনা থানার পুলিশ তাঁকে ধরে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একাধিক অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। 

দিকে দিকে পুলিশের জালে তৃণমূল নেতা থেকে কর্মী। '২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় ডানকুনিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। একই অভিযোগে হিঙ্গলগঞ্জে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। হাওড়ায় আবার সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুতের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে শোকজ করেছেন BDO. 

Continues below advertisement

তৃণমূলের জমানায় তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশ সেই সকল তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই, দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও ৫ বছর আগের মামলায় পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কোথাও তোলাবাজি, জমি দখল-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানকে।

হুগলির ডানকুনিতে ২০২১-এর ভোটপরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। পাশাপাশি পুলিশের জালে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জীব চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি প্রভাশিস মহিশাল ও তৃণমূল কর্মী রাকেশ মাল। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, '২১-এর ভোটের পর এলাকার এক বাসিন্দাকে বেধড়ক মারধরের পাশাপাশি, খুনের হুমকি দেন তাঁরা। অভিযোগকারীর দাবি,  সেই সময় আতঙ্কে মুখ খুলতে না পারলেও, সরকার পরিবর্তনের পর ডানকুনি থানায় ৫ বছর আগের মামলায় অভিযোগ দায়ের করেন তিনি।

ধৃত তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আবার গ্রেফতার করা হয়েছে তৃণমূল পরিচালিত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে। ধৃতের বিরুদ্ধে ২০২১-এর ভোট পরবর্তী হিংসা ও ছাপ্পা ভোট, তোলাবাজি, ভেড়িদখল-সহ একাধিক অভিযোগ রয়েছে।