রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বিধানসভা উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগরের নৌপুকুরিয়া এলাকা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার বিকেলে বেলডাঙা থানা এলাকার নৌপুকুরিয়ায় আচমকা প্রচন্ড বিস্ফোরণের শব্দ পান তাঁরা। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুকুরের ধারে গর্ত করে মজুত রাখা হয়েছিল ওই বোমাগুলি। সেখানেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি উপনির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায়। হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে লড়াই। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। বিজেপির হয়ে লড়ছেন মুর্শিদাবাদের অন্যতম পরিচিত মুখ শাখারভ সরকার। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। কালীঘাট- তৃণমূল প্রার্থী করেছে, রবিউল আলম চৌধুরীভারতীয়কে। সিপিএম (CPM) প্রার্থী করেছে সইদ আসাদ আলিআরএসপি (RSP) কে। ঋতব্রত-তৃণমূল প্রার্থী করেছে শফিউদ্দিন শেখকে।
রেজিনগর উপনির্বাচনের ফল ঘোষণা ৯ অক্টোবর। এদিকে, নির্বাচনী উত্তেজনার মধ্য়েই, পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের হয়রানি-হেনস্থার অভিযোগ করছেন AJUP প্রধান। দীর্ঘক্ষণ শক্তিপুর থানায় ধর্না দেন হুমায়ুন কবীর।
অন্যদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ। উপনির্বাচনের আগে কি রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন উঠছে ওই অডিও ক্লিপটি ঘিরে। রেজিনগরে উপনির্বাচনের আগে এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে গেছে। অডিও ক্লিপে একজনকে বাবরি মসজিদকে কেন্দ্র করে অশান্তি পাকানোর প্ল্যান করতে শোনা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরও স্বীকার করে নিয়েছেন, অডিওতে যে দু'জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তিনি কোনও অশান্তির পরিকল্পনা করেননি বলে দাবি করেছেন। তবে, প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, তিনি নিজে কেন অভিযোগ জানালেন না? তাঁকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। ঘটনায় ইতিমধ্যেই শরফরাজ নওয়াজ চৌধুরী ওরফে কাজল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর CJM কোর্ট।
