কলকাতা : আর জি কর মেডিক্যালে লিফট বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ জন। তাঁদের মধ্য়ে রয়েছেন ৩জন লিফটম্যান এবং ২জন নিরাপত্তারক্ষী। গ্রেফতার হয়েছেন লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ। এছাড়াও গ্রেফতার হয়েছেন নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। ধৃতদের আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু প্রশ্ন উঠছে, লিফটে সমস্যা থাকা সত্ত্বেও কেন সেটি চালু রাখা হয়েছিল? এখানেই শেষ নয়, প্রশ্ন হল ৩ জনকে উদ্ধার করতে দেড় ঘণ্টা লাগল কেন? চূড়ান্ত গাফিলতি তো হয়েইছে। কিন্তু তার দায় কার? আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট বিপর্যয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এটাই এখন বড় প্রশ্ন। আরও অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা।
যে লিফটে সমস্যা সেখানে 'আউট অফ অর্ডার' বার্তা লিখে দেওয়া হল না কেন? এটা তো একপ্রকার প্রশাসনিক গাফিলতি। লিফটের গায়ে যদি লেখা থাকত যে ওই লিফটি চলছে না, তাহলে তো এত বড় দুর্ঘটনা ঘটত না। মৃতের পরিবারের এখন একটাই দাবি, দোষীদের শাস্তি হোক, তাঁদের ছেলে ন্যায়-বিচার পাক। ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দমদমের বাসিন্দা অরূপ। বছর ৪০- এর যুবকের সঙ্গে সেখানেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। নিজের জন্মদিনের পরের দিন বেঘোরে প্রাণ হারিয়েছেন অরূপ বন্দ্যোপাধ্যায়।
আশ্চর্যের বিষয় হল, শুক্রবার এতব়ড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপরও শনিবার অনেক লিফটে অপারেটর ছিলেন না বলে অভিযোগ করলেন অনেক রোগীর আত্মীয়। ইতিমধ্য়েই ঘটনাস্থল এবং আশেপাশের সিসি ক্য়ামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দুর্ঘটনা পর্যন্ত, কারা ডিউটি করছিলেন তাঁদের রস্টার চাওয়া হয়েছে। পাশাপাশি, জানার চেষ্টা করা হচ্ছে উদ্ধারের সময়ে কে কী করছিলেন। শনিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। হাসপাতালে ঘটনাস্থলে আসেন হোমিসাইড বিভাগের আধিকারিকরাও।
আর জি করের লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যেসব প্রশ্ন বারবার উঠছে সেগুলি হল -
- লিফটে সমস্যা থাকা সত্ত্বেও কেন সেটি চালু রাখা হয়েছিল?
- লিফট চালু থাকলেও সেখানে কেন লিফটম্যান ছিলেন না?
- ৩ জনকে উদ্ধার করতে দেড় ঘণ্টা লাগল কেন?
- বেসমেন্টে লিফটের বাইরে লোহার গেটের তালার চাবি কার কাছে ছিল?
- ঘটনার সময় সেই চাবি পাওয়া গেল না কেন?
- সিড়ি দিয়ে বেসমেন্টে নামার গেটের চাবিও পাওয়া গেল না কেন?
- আপদকালীন পরিস্থিতির জন্য় ডুপ্লিকেট চাবি কি তৈরি করা হয়েছিল?
- তাহলে সেটাই বা কার কাছে রাখা ছিল?
