কলকাতা: এবার দুর্গাপুজোয় কি বাঙালির আমিষ খাওয়া নিষিদ্ধ? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান.. এই বিষয়টা বর্তমানে উঠে এসেছে বাঙালির চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, পুজোয় সময়ে আমিষ খাবার বিক্রি করা এবং মণ্ডপের বাইরে আমিষ খাবারের স্টল বসা নিয়ে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, এমনটা শোনা গেলেও, সেই খবরে কোনও শিলমোহর পড়েনি। সরকারের তরফ থেকেও এমন কোনও নির্দেশনা আসেনি। তবে সম্পর্কে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি মন্তব্য ঘিরে সম্প্রতি শুরু হয়েছে জল্পনা। দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়ার বিরোধীতা করেছেন তিনি। এবার দুর্গাপুজোয় সত্যিই কি আমিষ খাবার খাওয়ার ওপর বিধিনিষেধ জারি হতে চলেছে? এই বিষয় নিয়েই এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি, শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। কী জানালেন তিনি? 

Continues below advertisement

পুজোয় বন্ধ আমিষ খাওয়া? বিতর্কে মুখ খুললেন শমীক ভট্টাচার্য

আজ একটি সাংবাদিক সম্মেলনে, দুর্গাপুজোর সময়ে আমিষ খাওয়ার ওপর বিধিনিষেধ জারি করা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, 'নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়.. সেটাই খাবে। আমার তো বউ নেই, বাবা-মাও উপরে চলে গিয়েছেন। নাহলে আমি আমার বাড়িতেই নিমন্ত্রণ করে আপনাকে কচি পাঁঠার মাংস খাওয়াতাম। কিন্তু আপনি যদি আমায় নবমীর দিন পাঁঠার মাংস খাওয়ার নিমন্ত্রণ করেন, আমি যাব। সঙ্গে অনেক বিজেপি কর্মীরাও যাবেন।'

Continues below advertisement

এদিন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পুজোয় সময়ে আমিষ খাওয়া নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে শমীক ভট্টাচার্য বলেন, 'বাগেশ্বর বাবা অন্য পৃথিবীর মানুষ, ওঁর অনেক ভক্ত রয়েছেন। গোটা দেশে উনি পরিচিত। আমিও ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, খুব ভাল লেগেছে। আলাদা একটা জ্যোতি রয়েছে। ওঁর সঙ্গে দেখা করলাম, নমস্কার করলাম। উনিও প্রতি নমস্কার করলেন। কিন্তু পশ্চিমবঙ্গে কে কি খাবেন, কে কি খাবেন না... এটা নির্ধারণ করে দেওয়ার জায়গায় উনি নেই। উনি বলতেই পারেন নিজের মতামত। আজকাল তো বহু মানুষ নিরামিশাষী হয়ে যাচ্ছেন, কেউ কেউ ভেগান হয়ে যাচ্ছেন.. এগুলো গোটা দুনিয়াতেই চলতে থাকবে। একজন সন্ন্যাসী হিসেবে উনি ওনার মত রাখতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে, আমরা কী খাব আর কী খাব না.. সেটা উনি ঠিক করে দেবেন। আপনারা এমন বলছেন, উনি যেন ভারতীয় জনতা পার্টির কোনও উচ্চপদে রয়েছেন!'

 

আরও পড়ুন: Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু