কলকাতা : সেটা ছিল ২০২৪ সালের ৫ জানুয়ারি। রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ED। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কারও সাড়া না পেয়ে তালা ভাঙার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। তখনই ED ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়।  হামলাকারীদের মধ্য়ে থেকে শেখ শাহজাহানের নামে ওঠে স্লোগান। সন্দেশখালিতে (Sandeshkhali) ED-র (Enforcement Directorate) উপর সেই হামলার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল পুলিশ। গ্রেফতার হলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী (TMC Leaders), একেবারে কলকাতার কাছ থেকে। 

Continues below advertisement

২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার (Ration Scam Case) তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন ED-র আধিকারিকরা। অভিযোগ, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায়। ঘটনায় আহত হন ED-র একাধিক আধিকারিক। দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া সেই ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে ন্যাজাট থানার (Nazat Police Station) পুলিশ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

ধৃতদের নাম সবিতা রায় (Sabita Roy) এবং মিঠু সর্দার (Mithu Sardar)। সবিতা রায় বসিরহাট সাংগঠনিক জেলার (Basirhat Organizational District) তৃণমূল সভানেত্রী এবং সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী। অন্যদিকে মিঠু সর্দার সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী এবং একই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, ED হামলা মামলায় (ED Attack Case) তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সন্দেশখালির এই ঘটনা নিয়ে  জাতীয় রাজনীতিতেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। এরপর শেখ শাহজাহানের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ আছড়ে পরে রাস্তায়। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি! শাহজাহান ঘনিষ্ঠদের পোলট্রি ফার্ম, বাড়ি ও অফিসে ভাঙচুর চলে।  সন্দেশখালির বাসিন্দাদের চরম ক্ষোভের মুখে, ED-র ওপর হামলার ৪৮ দিন পর সেখানে পৌঁছোন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। এর মধ্য়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। এই প্রেক্ষাপটে ED-র ওপর হামলার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।