সমীরণ পাল, সন্দেশখালি : প্রায় ২ বছর ধরে জেলে আছেন শেখ শাহজাহান। সম্প্রতি জেলে গিয়েছেন সওকত মোল্লা ও রমজান মোল্লা। কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি, এখনও সক্রিয় তাঁদের সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ চক্র। স্থানীয় বাসিন্দাদের দাবি, সওকত মোল্লার ডেরা থেকে অস্ত্র আসত শেখ শাহজাহানের কাছে, তারপর তা ছড়িয়ে পড়ত রমজান মোল্লার হাত হয়ে। আদালতে STF-এর দাবি, এলাকায় আরও অস্ত্র মজুত থাকতে পারে। তাই চালানো হবে তল্লাশি। 

Continues below advertisement

শেখ শাহজাহান এখন জেলবন্দি। কিন্তু জেলে বসেও কি নেটওয়ার্ক চালাচ্ছেন সন্দেশখালির একদা ত্রাস? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালিতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। সেই সঙ্গে সামনে এসেছে শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ও অস্ত্রকাণ্ডে ধৃত তৃণমূল নেতা রমজান মোল্লার সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ কাহিনি। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজের নামাঙ্কিত বাজারে গভীর রাতে অস্ত্র ও বোমার প্রশিক্ষণও দিতেন শেখ শাহজাহান। 

২০২৪ সালের ৫ জানুয়ারি, রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ED. তাঁদের ওপর বর্বরোচিত হামলা চালায় শেখ শাহজাহানের শাগরেদরা। ঘটনার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গ্রেফতারের পর তাঁর শরীরী ভাষা ছিল অবাক করার মতো। গ্রেফতারির পর প্রায় ২৭ মাস কেটে গেছে। CBI ও ED, দুই কেন্দ্রীয় এজেন্সির মামলাতেই জেল হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। 

Continues below advertisement

সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগের দাবি STF - এর

সরবেড়িয়ার বাসিন্দা নির্মল মণ্ডলের অভিযোগ, শেখ শাহজাহান জেলে থাকলেও এলাকায় দাপট বজায় রেখেছেন তিনি। এমনকী, জেলে বসে তাঁকেও হুমকি দেন শাহজাহান। সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। STF সূত্রে খবর, শনিবার এই বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। এই বাড়িটি আগে ছিল, ইউসুফ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার। তাঁর অভিযোগ, গেস্ট হাউসে নিয়ে গিয়ে মারধর করে লিখিয়ে নেন বাড়িটি। 

শাহজাহানের পর গ্রেফতার হয়েছেন সওকত ও রমজান। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। এদিন আদালতে STF-এর দাবি, এলাকায় আরও অস্ত্র মজুত থাকতে পারে। তাই চালানো হবে তল্লাশি। শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে শনিবার মিলেছে অস্ত্রভাণ্ডারের হদিশ। বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র মিলেছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে। মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে অস্ত্র। সন্দেশখালির ৪ জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ।