সুনীত হালদার , কলকাতা : মর্মান্তিক দুর্ঘটনা রাতবিরেতে। হাওড়ার দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডে স্কুটার আরোহীর মৃত্যু হল দুর্ঘটনায়।  দ্রুতগতিতে ছুটে আসে এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটার আরোহী। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে এখনও ধরতে পারেনি পুলিশ। সেটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে ঘাতক গাড়িটির।  

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হাওড়ার এ.জে.সি. বোস বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই স্কুটার আরোহী নারায়ণ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে এসে একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি।  মাথায় গুরুতর চোট লাগে তাঁর। শুরু হয় রক্তক্ষরণ।  অতিরিক্ত রক্তক্ষরণে দ্রুত অবস্থার অবনতি হয়।

খবর পেয়ে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা   ঘটনাস্থলে পৌঁছান। আহত ব্যক্তিকে  ট্যাক্সিতে করে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বোটানিক্যাল গার্ডেন এ.জে.সি. বোস থানা একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধাক্কা মেরে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের অনুমান, সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।       

Continues below advertisement

অন্য দুর্ঘটনা 

গত ২ অগাস্ট রাস্তায় উল্টে যায় যাত্রীবোঝাই বাস। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে দুর্ঘটনায় মৃত্যু হল বাস কন্ডাক্টারের। নাম খোকন সর্দার। জখম হলেন একাধিক বাস যাত্রী। পুলিশ সূত্রে খবর সেদিব সকালে ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে আসছিল ৮৯ রুটের এই বাসটি। মন্দিরবাজারের কাছে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার জন্য বেহাল রাস্তাকেই দায়ী করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।    

আরো পড়ুন : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ