হিন্দোল দে, কলকাতা :  রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ও তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে খুনের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ। এই দুই গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

Continues below advertisement

মারধর ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের এক বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতেই হাফিজুল মোল্লা ও শাহজাহান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তাঁকে মারধর করা হয়েছে এবং খুনের চেষ্টাও করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ খুনের চেষ্টা, অশান্তির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বেআইনি জমায়েত, গুরুতর আঘাত করা, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ভোটের সময়ের মন্তব্য ঘিরে আগেই বিতর্কে ছিলেন হাফিজুল               

বিধানসভা ভোটের প্রচারের সময় থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন হাফিজুল মোল্লা। বিধানসভা ভোটের প্রচার চলাকালীন, ‘রেজাল্টের পর বিরোধীদের উপর স্টিম রোলার চালানো হবে’ বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তাঁকে।  তৃণমূলের সেই বিতর্কিত পঞ্চায়েত প্রধান আবার গ্রেফতার হলেন।সেই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে গত ৪ এপ্রিল সকালে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও কিছুদিনের মধ্যেই জামিন পান তিনি।  

Continues below advertisement

মুর্শিদাবাদে খুনের পুরনো মামলায় ধৃত তৃণমূল নেতা

অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রামে খুনের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে গুলি করে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় খুনের অভিযোগ ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ার কারণে এতদিন তাঁর বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরই পুলিশ সক্রিয় হয়ে তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি বিরোধীদের।         

আরও পড়ুন : আজ থেকেই বড় লাফ পেট্রোল ও ডিজেলের দামে, কলকাতায় কত?