কলকাতা: ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০% নাম বাদ গেছে। অর্থাৎ সংখ্য়াটা প্রায় ১৩ লক্ষ। অবশেষে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দু'দিন পর, বুধবার তা জানাল নির্বাচন কমিশন। শেষ অবধি ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁরা ট্রাইব্য়ুনালে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্য়ুনাল গঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, 'বিবেচনাধীন' ভোটারদের নথিপত্র যাচাই করে দেখেছেন এই রাজ্যে ৫০১ জন জুডিশিয়াল অফিসার। পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসেন আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার। তাঁদের বিবেচনার পর, ভোটারদের সাপ্লিমেন্টারি লিস্ট জানা গিয়েছে।
আরও পড়ুন, "বড় একটা গোল্লা খাওয়াব মমতাকে..", চ্য়ালেঞ্জ শুভেন্দুর
অপরদিকে, শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। মোট ভোটারের ১১%-এরও বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা আছে। ২০২৫ সালের অক্টোবর অবধি এরাজ্য়ে ভোটার সংখ্য়া ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। ১৬ ডিসেম্বর SIR-এর প্রথম খসড়ায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যায়। তারপর আবার ১ লক্ষ ৮২ হাজার নাম তালিকায় ঢোকে। ফলে ভোটার সংখ্য়া দাঁড়ায় ৭ কোটি সাড়ে ৫ লক্ষের কাছাকাছি। নির্বাচন কমিশন সূত্রে খবর, লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় এখনও অবধি ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্য়ে প্রায় ৪০ শতাংশের নাম বাদ গেছে, অর্থাৎ প্রায় ১৩ লক্ষ। এখনও ২৮ লক্ষের নিষ্পত্তি বাকি। এই হারে নাম বাদ গেলে আরও প্রায় ১১ লক্ষের নাম বাদ যেতে পারে। ফলে মোট প্রায় ২৪ লক্ষ নাম বাদ যাবে। সেক্ষেত্রে এরাজ্য়ে মোট ভোটার সংখ্য়া হওয়ার কথা প্রায় ৬ কোটি ৮০ লক্ষ। অর্থাৎ সেক্ষেত্রে মোট প্রায় ৮৬ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে এই হিসেব শেষ অবধি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার।
এরইমধ্য়ে নাম বাদ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেছেন,প্রথম রাউন্ড ব্রেক ফাস্ট। ব্রেক ফাস্টে গেছে কত? ৫৮ লক্ষ। লাঞ্চে কত গেছে? ৬০ লক্ষ। এখনও ডিনার হয়নি। সন্ধেবেলা লিকার চা আর চিনেবাদাম হয়েছে। তাতে ৩২ লক্ষের মধ্য়ে ১৪ লক্ষ চলে গেছে। আরও বাকি কত ২৮ লক্ষ, তাহলে এই মুহূর্তে কত গেছে? ৭৯ লক্ষ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগের? আমি আর বলছি না। সমঝদারো কি তো ইশারা হি কাফি হ্য়ায়। এর ৯০ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত।
