বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রাজ্যসভা থেকে ইস্তফার পরেই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে সুস্মিতা দেব। দিল্লিতে আজ এনডিএ-র মুখ্যমন্ত্রীদের সঙ্গে দুপুর ৩টেয় বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই কারণে দিল্লি এসেছেন হিমন্ত। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন সুস্মিতা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি অসম বিজেপিতে যোগ দিচ্ছেন ? হিমন্তের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজধানীতে তুমুল জল্পনা শুরু হয়েছে। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন সুস্মিতা।
কংগ্রেস ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছিলে তিনি। অভিষেকের সঙ্গে বৈঠকের পর মা-মাটি মানুষের উত্তরীয় পরে নবান্নেও গিয়েছিলেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ। তৃণমূলে যোগ দেওয়ার পরের দিন সাংবাদিক বৈঠক করে সুস্মিতা বলেছিলেন, "ভবিষ্যতে দেশের ভালর জন্য কাজ করতে চাই। সেই কাজের সঙ্গেই আমি জুড়ে গেলাম। কংগ্রেসের তরফে রাহুল গাঁধী, সনিয়া গাঁধী আমায় অনেক সুযোগ দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকমভাবে কাজ করতে চাই। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তাঁর লক্ষ্যে আত্মবিশ্বাসী।" এরপর রাজ্যসভায় তাঁকে প্রার্থী করে তৃণমূল।
দিন দু'য়েক আগে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। এমনকী দলীয় পদও ছেড়ে দেন। তারপর থেকেই জল্পনা চলছিল যে, অসমের এই নেত্রীও রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন। সেইমতো এদিন তিনি ইস্তফা দিলেন। নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি তৃণমূলের সব পোস্ট থেকেও পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। অসমে তৃণমূলের শাখা তাঁর নেতৃত্ব চলছিল। সেই পদও তিনি ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেতৃত্বকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে দলের সংগঠন বাড়াতে সুস্মিতা দেবকে তৃণমূলে এনেছিলেন অভিষেক। সেই তিনিও এবার তৃণমূল ছেড়ে দিলেন। এরপরই তিনি হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন। পরে সুস্মিতা সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি। আমার ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে আপনাদের সঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেব। কী কারণে আমি এই সিদ্ধান্ত নিলাম তা অনেক দীর্ঘ । রাজনীতিতে সবকিছু প্রকাশ করার প্রয়োজন পড়ে না।" Susmita Dev
