কলকাতা: মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের এক অনুষ্ঠানে তিনি জানান, রাজ্য ও কেন্দ্রের DA-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে।  মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা হয়তো ভেবেছিলেন একসঙ্গে ৪২ শতাংশ DA দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ দেওয়া হবে বলেও প্রচার হচ্ছিল। কিন্তু আমরা ৪২ শতাংশও দিইনি, ১০ শতাংশও দিইনি। হিসাব করেই দিয়েছি।"

Continues below advertisement

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, "আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না।" সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, পুজোর মাসেই ঘোষিত DA-র টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি তিনি বলেন, সপ্তম পে কমিশনও গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।                       

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর DA ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কেন্দ্রের হারের সঙ্গে রাজ্যের DA-র ব্যবধান কবে পুরোপুরি ঘুচবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি তিনি।                       

Continues below advertisement

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং ডিএ বৃদ্ধি নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার প্রেক্ষিতেই সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও এগোচ্ছে। ইতিমধ্যেই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কমিশনের 'টার্মস অব রেফারেন্স' বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া প্রস্তুত হয়েছে। এই খসড়া চূড়ান্ত হলেই দ্রুত কমিশন গঠন করা হবে। এরপর কমিশন তার সুপারিশ তৈরির কাজ শুরু করবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।                                  

 

আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?