উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে সংসদ ভবনে ঢোকার সময় সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । সেই ছবি দেশজুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়েছিল। ১২ বছর পরে পশ্চিমবঙ্গ আবার দেখল একই ধরনের ছবি। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠার পরে ব্রিগেডের শপথগ্রহণ মঞ্চেও নতজানু হয়ে প্রণাম করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। আর এবার সেই পথেই হাঁটলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। বুধবার প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় ঢুকে মূল ফটকের সামনে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন তিনি। 

Continues below advertisement

সকাল ১১টা থেকে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পরে তিনি জানান, দু’টি কেন্দ্র থেকে জেতার ফলে সাংবিধানিক নিয়ম মেনে একটি আসন ছাড়তে হবে তাঁকে। তিনি ভবানীপুর কেন্দ্র থেকে শপথ নেওয়ায় নন্দীগ্রাম আসন ছাড়বেন বলে জীনীন। পাশাপাশি নন্দীগ্রামের মানুষের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। বলেন, সুদীর্ঘকালই তিনি নন্দীগ্রামের মানুষের ভালমন্দ দেখে আসছেন, এখনও তাই করবেন তিনি। 

শুভেন্দু অধিকারীর চেয়ার বিরোধী দলের নেতা থাকার সময় শুভেন্দু অধিকারী যে চেয়ার ব্যবহার করতেন সেই চেয়ারই নিয়ে আসা হয়েছে  মুখ্যমন্ত্রীর ঘরে। আর বিগত ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ার ব্যবহার করতেন সেটা এখন রয়েছে বিরোধী দলনেতার ঘরে। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুভেন্দু অধিকারী নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় তাঁর নেত্রী ছিলেন, তাই তাঁর চেয়ারে বসাটা ঠিক হয়। 

Continues below advertisement

শুভেন্দুর পরে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক জয়ী প্রার্থী। বিজেপি ও অন্যান্য দলের বিধায়কদের শপথের সময়ও বিধানসভা কক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পাশে বসেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

এদিন শুধু মুখ্যমন্ত্রী নন, বিধানসভায় ঢোকার মুখে ষাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকেও।একইভাবে প্রণাম করেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। অন্যদিকে বিধানসভা চত্বরে সৌজন্যের ছবিও ধরা পড়ে। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংকে হাত মেলাতেও দেখা যায়।

বিধানসভায় পৌঁছে প্রথমেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে ডঃ বি. আর. অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপর বিধানসভার লনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি পৌঁছে যান মুখ্যমন্ত্রীর দফতরে। সেখানে ঢুকেই পুজো দেন শুভেন্দু অধিকারী। ঘরে উপস্থিত ছিলেন পুরোহিতও। পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তিনি।