কলকাতা : এবার গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta Arrested)। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাটের বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।
গৃহদাহে জ্বলছে তৃণমূল ! একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি, এরইমধ্য়ে দুর্নীতি, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা-সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। রাজ্য়ে সরকার বদলের পর প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন কোনও না কোনও তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত।
পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, তিনি অভিযোগ করেছিলেন যে, এই তৃণমূল নেতা তাঁর কাছ থেকে বিপুল টাকা... প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। সেই ব্যবসায়ী তাঁকে তোলা দেনও। সেই অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁর রাজারহাটের ফ্ল্যাটে প্রথমে যান বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে প্রথমে এক পর্ব তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর রাজারহাটের ফ্ল্যাট থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর উত্তর থানায়। রাত ১০টা নাগাদ আটক করে থানায় নিয়ে আসা হয় তাঁকে। রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ-পর্ব চলে। তারপর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানতে পারা যাচ্ছে, সল্টলেকের যে ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি একটি সি সি টিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়েছেন বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকদের কাছে। সেই ফুটেজ এবং অন্যান্য যে তথ্যপ্রমাণ তা সামনে রেখেই পুলিশ সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সমস্ত তথ্যপ্রমাণ যখন তাঁর বিরুদ্ধে যায়, তখনই পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে অস্বীকার করে গেছেন তৃণমূল নেতা। কিন্তু, তথ্যপ্রমাণ থাকায় তা নিয়ে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে থাকেন পুলিশ আধিকারিকরা।
এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বিধাননগরের আরেক তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। সেই তালিকায় নতুন সংযোজন হল বিধাননগর এলাকার প্রভাবশালী নেতা সব্যসাচী দত্ত।
