আশাবুল হোসেন, কৃষ্ণেনদু অধিকারী ও সুমন ঘড়াই : নির্বাচন কমিশন ডাকলে নথি পেশ করুন। ভাঙচুর করবেন না। ফরাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়।

Continues below advertisement

মমতা বন্দ্য়োপাধ্য়ায় শুরু থেকে এখনও অবধি বারবার SIR-এর তীব্র সমালোচনা করছেন। শুক্রবার নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্য়াতিক্রম হয়নি। তিনি বলেছেন, "আজ এতদিন পর আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা!" মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে SIR প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জনিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। ২৮ জানুয়ারি তাঁকে ও তাঁর মা-কে SIR-এর শুনানির নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।  কাজল শেখ বলেন, "নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। এবং আপনার যে ভোটাধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের পক্ষে রায় দিন। ২৮ তারিখে ডেকেছে ২৮ তারিখে যাব। যেদিন ডেকেছে সেদিনই যাব। মা-কেও ডেকেছে মা-কেও সঙ্গে নিয়ে যাব।"

Continues below advertisement

গত ১৪ জানুয়ারি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের নেতৃত্বে ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মণিরুল ইসলামকে। নির্বাচন কমিশন FIR করতে বললেও, তা এখনও দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্য়াখ্য়াও দিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, "ব্যাপারটা হচ্ছে আপনি যেটার কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল মানুষের বহিঃপ্রকাশ।"

এ বিষয়েও উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। তিনি বলেন, "প্রত্যেকটি মানুষকে বলব ভাঙচুর নয়, নোটিস পাচ্ছেন, নোটিস পেয়ে নোটিসের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব। আপনাদের মাধ্যমে।"

এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "রাজনৈতিক দূরদৃষ্টিতা ভাল দেখতে পাচ্ছি। উনি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছেন। তাই উনি একথা বলছেন। যেটা উনি আজ বলছেন, আগামীদিন বাকিরাও তাই বলবেন।"  

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ।