কলকাতা : দেশের গরিব পরিবারগুলির জন্য চালু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (PMUY) বড়সড় কাটছাঁট করল কেন্দ্রের Narendra Modi সরকার। এতদিন যাঁরা বছরে ৯টি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার পেতেন, এবার থেকে তাঁরা পাবেন মাত্র ৪টি সিলিন্ডার।

Continues below advertisement

রবিবার ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম ₹২৯ বাড়ানোর ঘোষণা করা হয়। তার ঠিক একদিন পর সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব Praveen M Khanooja আনুষ্ঠানিকভাবে জানান, উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা প্রায় ১০.৫ কোটি দরিদ্র পরিবার এখন বছরে প্রথম চারটি রিফিলেই ₹৩০০ করে ভর্তুকি পাবেন।

কেন কমানো হল ভর্তুকি?

কেন্দ্রের দাবি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনও বিপুল লোকসানের মুখে। সরকারের হিসেব অনুযায়ী—

Continues below advertisement
  • প্রতি ১৪.২ কেজির LPG সিলিন্ডারে প্রায় ₹৭০০ লোকসান হচ্ছে
  • প্রতি লিটার পেট্রোলে ক্ষতি ₹৬
  • ডিজেলে প্রতি লিটারে লোকসান ₹৩০

এই আর্থিক চাপ সামলাতেই ভর্তুকির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কী বলছে কেন্দ্র?

প্রবীণ এম খানুজা জানান, দেশের মোট প্রায় ৩৩.৩৭ কোটি রান্নার গ্যাস গ্রাহক এখনও বাজারদরের তুলনায় কম দামে সিলিন্ডার পাচ্ছেন। এখন থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বছরে চারটি সিলিন্ডারে অতিরিক্ত ₹৩০০ ভর্তুকি দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত, “PMUY গ্রাহকেরা বছরে প্রথম চারটি রিফিলে ₹৩০০ করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পাবেন, যা একটি সাধারণ উজ্জ্বলা পরিবারের গড় ব্যবহারের সমান।” 

আগে কী ছিল?

২০২৫ সালের অগাস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা যোজনার আওতায় বছরে ৯টি ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের অনুমোদন দিয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই সুবিধা কার্যত অর্ধেকেরও কম হয়ে গেল।

কী এই উজ্জ্বলা যোজনা?

২০১৬ সালে উত্তরপ্রদেশের বালিয়ায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা হয়। মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে LPG সংযোগ দেওয়া। পরে ‘উজ্জ্বলা ২.০’-এর আওতায় প্রথম বিনামূল্যের গ্যাস সিলিন্ডার ও ওভেনও দেওয়া হয়েছিল।

বিরোধীদের আক্রমণ

ভর্তুকি কমানো ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রকে নিশানা করতে শুরু করেছে। তাঁদের অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর আরও আর্থিক চাপ বাড়াবে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিপুল ভর্তুকির বোঝা সামলাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।