অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  দুয়ারে বসন্ত। আর তার মাঝেই মন ভার করা নিম্নচাপের খবর দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি । এরপর সেটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে ১৮ ফেব্রুয়ারি নাগাদ। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়।

Continues below advertisement

আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে । দিনে শীতের অনুভূতি কমবে। আরও দুদিন একই রকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরো দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।  কলকাতার আবহাওয়া                

মঙ্গলবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই পারদ  রয়েছে। তবে  এবার বাড়বে তাপমাত্রা। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষ দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকার কথা। 

Continues below advertisement
  • আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি।             
  • গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি।               
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮২ শতাংশ।      

দক্ষিণবঙ্গের আবহাওয়া              

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।  শীতের আমেজ ধীরে ধীরে কমবে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে আপাতত। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। রাতের তাপমাত্রাও এবার থেকে ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ দিকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া             

উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।