কলকাতা: SIR ইস্য়ুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে আজ ধর্নায় মুখ্যমন্ত্রী। ধর্মতলায় মেট্রো চ্যানেলে পৌঁছে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে উপস্থিত সুব্রত বক্সী , ফিরহাদ হাকিম এবং সুজিত বসু।
আরও পড়ুন, "বিবেচনাধীন" ভোটারদের কী হবে ? বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের
এদিন তিনি বলেন, SIR-এ মারা গিয়েছিল, তাঁদের পরিবারও আসবে। তাঁরাও এখানে বসবে,কিন্তু যারা বেঁচে আছেন, অথচ মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে, লজ্জা রাখার জায়গা নেই।' নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এবং তাঁদের দালাল কমিশন। মনে রাখবেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। তাই আমরা খুঁজে বের করি। তাঁদের আমি এখানে প্যারেড করাবো। ' সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। এর আগে SIR ইস্যুতে পথে নেমে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশও জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এ নিয়ে সওয়ালও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক দিয়েছিলেন অভিষেক। 'বেঁচে থেকেও খসড়া তালিকায় মৃত', এই অভিযোগের ইস্যু তুলে, নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। এরপরই পয়লা মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ৬ তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন,৬ তারিখ মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন।
মেট্রো চ্য়ানেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্না-অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর, ২০১৯ সালে সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে CBI-হানার প্রতিবাদে এই মেট্রো চ্য়ানেলে আচমকা ধর্নায় বসেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় প্র্যাকটিস করছেন কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। তখন ওঁকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকে প্র্য়াকটিস করছেন।
