কলকাতা : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ( Sagardighi Bypoll ) ভোটগ্রহণ শুরু। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debashis Banerjee)। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা (Dilip Saha) । কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে। উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।