কলকাতা : "একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে।" সুজিত বসুর গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। গতকাল প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতা ও বয়ানে লাগাতার অসঙ্গতি থাকায় সুজিত বসুকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে ইডি।

Continues below advertisement

তাঁর গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, "সুজিত বসু দিয়ে তো সবে শুরু। একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছেন, যারা সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন, একজনও ছাড়া পাবেন না। একজনও নিষ্কৃতি পাবেন না। সুজিত বসু দিয়ে এটার সূচনা হল। নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবেন না। প্রত্যেকে জেলে যাবেন।"  

অ্য়াকশনে ED। জালে হেভিওয়েট তৃণমূল নেতা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজিত বসু। সোমবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।

Continues below advertisement

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ED দফতরে আসেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। ED সূত্রে দাবি করা হয়েছে , দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সুজিত বসু। বারবার বিভ্রান্তিকর উত্তর দেন। তাঁর বয়ানে বহু অসঙ্গতিও মেলে বলে ED সূত্রে দাবি করা হয়।

ভোটের আগে এই মামলায় সুজিত বসুকে ৪ বার নোটিস পাঠিয়েছিল ED। প্রতিবারই হাজিরা এড়ান তিনি। হাজিরার নোটিস চ্য়ালেঞ্জ করে হাইকোর্টেরও দ্বারস্থ হন। আদালতে আবেদন করেন, ভোটের পর, ১৫ মে ED দফতরে হাজির হবেন। কিন্তু, হাইকোর্ট নির্দেশ দেয়, পয়লা মে ED দফতরে হাজির হতে হবে সুজিত বসুকে। সেই মতো, পয়লা মে আইনজীবী-সহ CGO কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু।  ভোটের ফল ঘোষণার পর ৬ মে ফের সুজিত বসুকে ED দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবে হাজিরা এড়ান সুজিত বসু। সোমবার তিনি ED দফতরে হাজিরা দেন। গতকালই তাঁকে গ্রেফতার করা হয়।