কলকাতা : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরেই বড় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'সব বন্ধ করে দিন। বন্ধ করে দিন, ভদ্র হোন। আর যদি বিপদ থাকে, তাহলে সরে থাকাই ভাল। বাকিটা এভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। পাঁচজন মন্ত্রীকে দফতর বরাদ্দ করব। প্রশাসনিক ভাবে কাজ শুরু করব। সেই দিনই বলব।' 

Continues below advertisement

ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'সবার জন্য কাজ করব। অনেক কাজ আছে। ২৪ হাজার ভোট পড়েছিল, ২০ হাজার আমি পেয়েছি। নীরব বিপ্লব করেছে এখানকার লোকেরা। ভবানীপুর ইতিহাস করেছে। আমি চিরকৃতজ্ঞ। সিপিএমের সব ভোট আমাকে দিয়েছে এখানে।' ভবানীপুরে ১৫,১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রাপ্ত ভোট ৭৩ হাজার ৯১৭টি। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও লড়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও তৃণমূলের পবিত্র করকে পরাজিত করেছেন তিনি। 

Continues below advertisement

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭টি আসন। 

'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না', মমতার 'জোট আহ্বান', পাল্টা জবাব দিলীপের 

শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের পর রাতেই কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে যান শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেখান থেকে কলকাতার দিকে রওনাও দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়ির সামনে ছিল মানুষের ভিড়। সকলেই এসেছেন নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। অধিকারী পরিবারের কেউই চাননি সাধারণ মানুষের যাতে একটুও অসুবিধা হয়। তাই কোনও অতিরিক্ত নিরাপত্তা নেননি তাঁরা। বাড়ির সামনে গতকাল রাতে গার্ডরেল লাগানো হলেও তা সরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে দিয়ে খুব স্বাভাবিক ভাবেই যান চলাচল করছিল। আশপাশে মানুষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা, অভিবাদন জানাতে আসা সাধারণ মানুষ, কারওরই অসুবিধা কোনও হয়নি।