Boss Scam: অনলাইন প্রতারণার নতুন ফাঁদ 'বস স্ক্যাম'। জনসাধারণের জন্য সতর্কবার্তা দিয়ে এক্স মাধ্যমে পোস্ট করল রাজ্য পুলিশ। একটু সাবধান এবং সতর্ক থাকলেই বিপদ এড়ানো সম্ভব। শুধু ঠান্ডা মাথায় বুঝতে হবে কোনটা ফাঁদ আর কোনটা আসল বিষয়। 

Continues below advertisement

কিন্তু সবার আগে জেনে নেওয়া জরুরি এই 'বস স্ক্যাম' আসলে কী ? 

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক্স পোস্টে সবিস্তারে জানানো হয়েছে 'বস স্ক্যাম' আসলে কী এবং প্রতারকরা কীভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। অনেকসময় দেখা যায়, আমাদের কাছে বেশ কিছু এমন ফোন এসেছে যেখানে বলা হচ্ছে যিনি ফোন করছেন তিনি আপনার কর্ম সংস্থার সিইও কিংবা উচ্চপদাধিকারী কোনও ব্যক্তি। ফোনে বলা হবে, ওই ব্যক্তির আচমকা অর্থের প্রয়োজন হয়েছে। এরপর আপনার কাছে টাকা চাওয়া হবে। এমন কোনও কারণ দেখিয়ে আর্থিক সাহায্য চাওয়া হবে, যা প্রাথমিকভাবে আপনার সত্যি বলেই মনে হবে। আর এসব ক্ষেত্রে সাধারণত মানুষ যাচাই না করেই টাকা দিয়ে ফেলেন। সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল। একবার টাকাপয়সার লেনদেন হয়ে গেলে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে বেশি সময় লাগাবে না। অতএব সতর্ক থাকুন। বুঝতে শিখুন কোনটা আসল আর্থিক সাহায্য চেয়ে ফোন, আর কোনটা ভুয়ো। 

Continues below advertisement

শুধু যে ফোন করেই টাকা চাওয়া হবে তা কিন্তু নয়। ইমেল, মেসেজ, হোয়াটসঅ্যাপ - কিংবা অন্যান্য আরও অনেক মাধ্যমেই টাকা চাওয়া হতে পারে। প্রতারকরা আপনার বিশ্বাস অর্জনের জন্য আর্থিক সাহায্যের কারণ হিসেবে বেশ বিশ্বাসযোগ্য কোনও বিষয়কেই উপস্থাপন করবে। কিন্তু ফাঁদে পা দিলে চলবে না। সতর্ক থাকতে হবে। একমাত্র আপনার সাবধানতাই আপনাকে আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে। এক্ষেত্রে সবার আগে যেটা আপনি করতে পারেন, তা হল যিনি আপনার থেকে আর্থিক সাহায্য চাইছেন, তা তিনি আপনার কাজের জায়গার যত উচ্চপদস্থ কর্তাই হোন না কেন, সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টা যাচাই করে নিন। এছাড়াও যে নম্বর থেকে ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল বা অন্যান্য যে মাধ্যমে সাহায্য চাওয়া হচ্ছে, সেখানে প্রেরকের নম্বর, ইমেল অ্যাড্রেস বা অন্যান্য জিনিসগুলো যাচাই করার চেষ্টা করুন। ভালভাবে খুঁটিয়ে দেখলে সামান্য ফারাক হলেও নজরে আসবে। 

কোনও ব্যক্তিগত কিংবা নিজের কাজের জায়গায় তথ্য (আর্থিক লেনদেন সংক্রান্ত) কারও সঙ্গেই যাচাই না করে শেয়ার করবেন না। প্রয়োজনে National Cyber Crime Reporting Portal- অভিযোগ জানাতে 1930 নম্বর ফোন করুন। ভালভাবে যাচাই করাতে মাত্র কয়েক মিনিট খরচ হয়। এটুকু সাবধানতা অবলম্বন করলেই আর্থিক প্রতারণা এড়াতে পারবেন আপনি।