কলকাতা: চৈত্রে চাঁদিফাটা গরমের দাপটে নাজেহাল সকলে।  বৈশাখের শুরুতেই যেন প্রকৃতি আগুন ঝরাতে শুরু করেছে। অনেক জেলায় পারদ ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা, যার ফলে ঘাম ঝরছে অবিরাম। এই পরিস্থিতির মধ্যেই কিছুটা আশার খবর শোনাল আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। 

Continues below advertisement

দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায়।

দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গে জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি নামবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।                                       

Continues below advertisement

কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। শনিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এদিন কালবৈশাখী সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।                                                 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গ জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরবর্তী ৪ দিনেও একইরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গরম ও অস্বস্তির পর উত্তরে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি মিলতে পারে। সপ্তাহান্তে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। অন্যদিকে, দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।