কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি হয়েছে। আজ, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কেমন থাকবে আবহাওয়া?
আজও রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে বুধ এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দিনভর মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে চলবে ঝড়-বৃষ্টির স্পেল। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলাতে। ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চার জেলায় দুর্যোগের পূর্বাভাস ছাড়াও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে।
আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে হাওয়ার গতিবেগ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড়-বৃষ্টিতে কমল দিন ও রাতের তাপমাত্রা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়। কলকাতার তাপমান কেমন? আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৩ শতাংশ।
