অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতায় আজ ভাইফোঁটার দিন বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে, সেই কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ১১ নভেম্বর সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। কলকাতার কিছু অংশে হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি শুরুও হয়েছে ইতিমধ্যেই। শীতের আমেজে ফের বাধা দিচ্ছে এই বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বুধবার ১১ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সকাল ও সন্ধের দিকে কিছুটা পারদ পতন হতে পারে। আগামীকাল সকালের দিকে কিছু জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বর্তমানে গাল্ফ অফ মানারে অবস্থান করছে একট ঘূর্ণাবর্ত। সেটি আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে শক্তি বাড়াতে পারে। আগামী শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটা আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যা ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। সব মিলিয়ে শীত আসার আগে ফের একবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
