কলকাতা : রবিবার থেকেই কমবে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি কমলেই পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের দাপট কমার পর এমনটাই পূর্বাভাস করেছিল আবহাওয়া দফতর ( Weather Office )। কিন্তু রবির পর সোমবার ভোরের শুরুতেই প্রবল কুয়াশার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হল কলকাতা-সহ ( Kolkata Weather ) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সুত্রে খবর, এই বৃষ্টির জেরে শীত পড়তে পড়তেও গেল আটকে ( Kolkata Temperature )  । নভেম্বরের শেষেও নেই শীতের আমেজ। হতাশ পশ্চিমবঙ্গবাসী। 

Continues below advertisement

একদিকে মেঘলা আকাশ, অন্যদিকে হালকা বৃষ্টি। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বাড়ল তাপমাত্রা। তবে তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। টাইমস অফ ইন্ডিয়ায় একটি রিপোর্টে প্রকাশিত খবর অনুসারে,  ট্রফ সরে গেলেই ফের উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। আর তার জেরে মঙ্গলবার থেকেই নামতে শুরু করবে পারদ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ২৭ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। তবে মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। এই মরশুমে প্রথমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। পারদ নেমে দাঁড়াতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে। ২৭ নভেম্বর পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

Continues below advertisement

কেন বাড়ল তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত এই অক্ষরেখাটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি উত্তর ছত্তীসগঢ় থেকে সরে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি নিম্নচাপ-সম্পর্কিত ঘূর্ণাবর্ত। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। দক্ষিণবঙ্গেরও কিছু এলাকায় হয়েছে অতি হালকা থেকে হালকা বৃষ্টি। তবে রাজ্যের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক ছিল।

বৃষ্টির প্রভাবে রাতের তাপমাত্রাও বেড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আলিপুরদুয়ারে, ১৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পাহাড়ি শহর দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত বৃষ্টির মেঘ কাটার অপেক্ষা। ট্রফের প্রভাব কমলেই উত্তুরে হাওয়ার হাত ধরে ফের শীতের আমেজ ফিরতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে পারদ পতনের পর বুধবার থেকে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে।